
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মকলেছুর রহমান ওরফে শিলন দেড় বছরের ব্যবধানে কীভাবে ‘কোটি কোটি টাকার মালিক’ হলেন, এমনই প্রশ্ন ছুড়ে সংবাদ সম্মেলন করেছিলেন তাঁরই একসময়ের সহযোগী যুবলীগ কর্মী কামাল হোসেন। এবার সেই সব অভিযোগ মিথ্যা দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ইউপি চেয়ারম্যান মকলেছুর রহমান।
মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ইউপি চেয়ারম্যান মকলেছুর রহমান। এ সময় তাঁর সঙ্গে ইউপি সদস্য আহসান হাবীব, মঞ্জুরুল করিম, মিনহাজ উদ্দিন ও মো. তৌহিদ উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কামাল অভিযোগ করেন, ‘২০০৫ সালেও যিনি অন্যের জমিতে দিনমজুর হিসেবে কাজ করে সংসার চালাতেন, দুই কাঠা ভিটে ছাড়া সম্পদ বলতে যাঁর কিছুই ছিল না, তিনি এখন নিজ গ্রামে ৩০ বিঘা জমির মালিক। চুয়াডাঙ্গা শহরেও বাড়ি তৈরির জন্য কিনেছেন ৪০ লাখ টাকা মূল্যের জমি। মাত্র দেড় বছর সময়ের চেয়ারম্যান কোটি কোটি টাকা কোথায় পেলেন?’ এর আগে ৬ জুলাই রাতে আলমডাঙ্গায় সাংবাদিক ইউনিট কার্যালয়ে একই অভিযোগে সংবাদ সম্মেলন করেছিলেন তিনি।
সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান মকলেছুর বলেন, কামাল যেসব অভিযোগ করেছেন, তা কেউ প্রমাণ করতে পারলে চেয়ারম্যানের পদ থেকে তিনি স্বেচ্ছায় অব্যাহতি নেবেন। তিনি বলেন, গত দেড় বছরে গ্রামে ৩০ বিঘা নয়, পৈতৃক জমির মধ্যে দুই ভাইয়ের ৯ শতক জমি তিনি ৪ লাখ টাকায় কিনেছেন। শহরে ৪০ লাখ টাকায় জমি কেনেননি। তবে জমি কেনার জন্য ৮ লাখ টাকা দিয়ে বায়না করেছেন।
দিনমজুর থেকে কোটিপতি হওয়ার বিষয়ে ইউপি চেয়ারম্যান বলেন, ‘প্রায় আট বছর ধরে আমি হাট ব্যবসায় যুক্ত। রয়েছে মাটি-বালুর ব্যবসা। এলাকার ছয়টি ইটভাটায় মাটি বিক্রি করি। আমি যদি মাদক ব্যবসা করতাম, মাদক সেবন করতাম, ইউনিয়ন পরিষদে যদি মাদক নিয়ে বসে থাকতাম, তাহলে তো জনবিচ্ছিন্ন হয়ে যেতাম।’ চুয়াডাঙ্গায় বালুমহাল নেই এবং জমি থেকে মাটি বিক্রি অবৈধ—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মকলেছুর দাবি করেন, বাইরের জেলা থেকে বালু কিনে এবং প্রশাসনের অনুমতি নিয়ে পুকুর খনন করে মাটি বিক্রি করেন তিনি।
আলমডাঙ্গার হাট ব্যবসায়ী ও জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসানউজ্জামান হান্নান প্রথম আলোকে বলেন, ইউপি চেয়ারম্যান মকলেছুর রহমান সংবাদ সম্মেলনে নিজেকে হাট ব্যবসায়ী হিসেবে মিথ্যা পরিচয় দিয়েছেন।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মকলেছুর রহমান উল্লেখ করেন, ২০২১ সালে জেহালা ইউপি নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে থেকে ইউনিয়নবাসীর ভোটে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বলেন, ‘জনগণের আশা-আকাঙ্ক্ষা ও ভরসার প্রতিফলন হিসেবে যখন ইউনিয়নবাসীর উন্নয়নে কাজ করে চলেছি, ঠিক তখন কুচক্রী মহল আমার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি কামালকে দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মানহানি করছে।’
যুবলীগ কর্মী কামাল এককালের সহযোগী স্বীকার করে মকলেছুর বলেন, ‘চাল-চুলোহীন কামাল সুযোগ বুঝে আমার নির্বাচনী কার্যক্রমে অংশ নিয়েছিলেন। তিনি যে হত্যা মামলার আসামি ও মাদকসম্রাট তা আমার জানা ছিল না। আমি তাঁকে চিনতে ভুল করেছিলাম। যখন বিষয়টি জানতে পারি, তখন তাঁর থেকে দূরে চলে আসি।’
ইউপি চেয়ারম্যান বলেন, সম্প্রতি বিট পুলিশের সভায় জেহালা ইউপিতে মাদক নির্মূলের ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুয়ায়ী তিনি ইউনিয়নকে মাদকমুক্ত করার উদ্যোগ নেন। পুলিশ ও জনগণের সহযোগিতায় অন্তত নয়জন মাদক ব্যবসায়ীকে পুলিশে সোপর্দ করেন। মাদক ব্যবসায় জড়িত কামালকে অপরাধজগৎ থেকে সরে আসতে বলা হয়। কিন্তু তা না শুনে আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং মাদক ব্যবসায়ীদের সংগঠিত করে রাজত্ব গড়ে তোলেন। মকলেছুর দাবি করেন, নির্বাচনে পরাজিত পক্ষের ইন্ধনে কামাল তাঁকে হেয় করতে একের পর এক সংবাদ সম্মেলন করে মিথ্যা তথ্য উপস্থাপন করছেন। তাই প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।