
লাগামহীন লুটপাট আর দুর্নীতির কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আওয়ামী লীগ। তারা দেশের মানুষকে শান্তিতে বাঁচতেও দিচ্ছে না। তাই দেশের জনগণ এখন বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। সারা দেশের মতো ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলের মাধ্যমে এ সরকারকে চূড়ান্ত বার্তা দিতে হবে।
আজ বুধবার বিকেলে সিলেটের জৈন্তাপুর উপজেলা বাজারে বিভাগীয় গণসমাবেশ সফল করতে আয়োজিত গণসংযোগ, প্রচারপত্র বিতরণ ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এসব কথা বলেছেন। জৈন্তাপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, বাংলাদেশে এখন খাদ্যসংকট। নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে। এর মূল কারণ হচ্ছে রিজার্ভ–সংকট। নিত্যপণ্যের অনেক দ্রব্যই আমদানিনির্ভর। কিন্তু দেশে রিজার্ভের অভাবে ব্যাংকগুলো আমদানির জন্য এলসি খুলতে পারছে না। এ সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে, লুটপাট করেছে, টাকা পাচার করে বাংলাদেশকে দেউলিয়া করে ফেলেছে। আওয়ামী লীগ দেশকে চরম সংকটের দিকে ঠেলে দিয়েছে। তাই ঐক্যবদ্ধভাবে চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে এ সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আবদুর রশিদ। সাধারণ সম্পাদক আবদুল হাফিজের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপি নেতা হাসান আহমদ পাটোয়ারী, শামীম আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপি নেতা কামরুল হাসান, আবু তাহের, সাঈদ আহমদ, আজিজুল হোসেন, মাহবুব আলম, আহাদ চৌধুরী, জৈন্তাপুরের নিজপাট ইউপি চেয়ারম্যান ইন্তাজ আলী, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না। গণতন্ত্র, ভোটাধিকার ও বেঁচে থাকার অধিকার ফিরিয়ে আনতেই বিএনপি দেশের বিভাগীয় পর্যায়ে গণসমাবেশ করছে। সাধারণ মানুষও এ আন্দোলনে এখন যুক্ত হয়েছে। সিলেটে ১৯ নভেম্বরের বিভাগীয় গণসমাবেশে সবাইকে ঐক্যবদ্ধভাবে যোগ দিতে হবে। এদিন সিলেট হবে মিছিল ও সমাবেশের শহর।
আজ বেলা দুইটায় গণসমাবেশ সফলের জন্য নগরের আম্বরখানা এলাকায় প্রচারপত্র বিতরণ করেন মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী। এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ও সালেহ আহমদ খসরু, সদস্য মাহবুব চৌধুরী, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছাদিকুর রহমান, বিএনপি নেতা আবদুস সাত্তার, রেজাউল করিম নাচন, আবদুস সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রচারপত্র বিলিকালে বিএনপি নেতারা জানান, ১৯ নভেম্বর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেটের স্মরণকালের সবচেয়ে বড় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সব শ্রেণি-পেশার লাখো মানুষ সমাবেশে মিলিত হয়ে সরকারকে একটা বার্তা পৌঁছে দেবে। দেশের মানুষ অসহনীয় অবস্থা থেকে মুক্তি চায় এবং গণতন্ত্র ও ভোটাধিকার ফেরত চায়।