
কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনকে গুলি করে হত্যার দুই দিন পেরিয়ে গেলেও আজ মঙ্গলবার বেলা একটা পর্যন্ত কোনো মামলা হয়নি। গতকাল সোমবার মাগরিবের নামাজের পর দুটি জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার রাত আটটার দিকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাহ এলাকায় বোরকা পরা তিন দুর্বৃত্ত জামাল হোসেনকে খুব কাছ থেকে গুলি করে। তাঁর কপাল ও বুকে গুলি লাগে। এরপর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্ত শেষে জামাল হোসেনের লাশ কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে নেওয়া হয়। গতকাল মাগরিবের নামাজের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। দুই দফা জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, জামাল হোসেন গৌরীপুর বাজারে ব্যবসা করতেন। কয়েক বছর আগে গৌরীপুর মোড়ে খুন হওয়া আওয়ামী লীগ নেতা মনির হোসেনের অনুসারী ছিলেন জামাল হোসেন। তিতাস উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিবদমান পক্ষগুলোর দ্বন্দ্বের জেরে ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনি খুন হয়েছেন বলে ব্যবসায়ীরা মনে করেন।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি। মামলা করতে জামালের পরিবারের কেউ থানায় আসেননি।