গাজীপুর

রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার অনুরোধ

গাজীপুর সিটি নির্বাচন
গাজীপুর সিটি নির্বাচন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রার্থীদের কাছে টাকা চাইছে একটি প্রতারক চক্র। এমন প্রতারকদের থেকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ অনুরোধ জানান।

২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩০০ জন ও মেয়র পদে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেন। তবে যাচাই-বাছাই শেষে বর্তমানে মেয়র পদে আছেন ৯ জন প্রার্থী। আর কাউন্সিলর পদে আছেন ২৭৩ জন।

রিটার্নিং কর্মকর্তার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর সিটি নির্বাচন উপলক্ষে যেসব প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং বাছাইয়ে বৈধ হিসেবে মনোনীত হয়েছেন, তাঁদের মধ্য দু–একজন জানিয়েছেন, কে বা কারা মুঠোফোনে যোগাযোগ করে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নাম ভাঙিয়ে অনৈতিক সুযোগ-সুবিধা প্রদানের বিনিময়ে অর্থ চেয়েছেন। রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের দপ্তর কোনো রকম অর্থ লেনদেনের সঙ্গে সম্পৃক্ত নয়।

এ ধরনের ফোনকলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, যেকোনো ধরনের অনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ বা আর্থিক লেনদেনের দায় সংশ্লিষ্ট ব্যক্তির।

বিজ্ঞপ্তিতে সব প্রার্থীর দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, যদি কোনো রকম অনৈতিক সুবিধা চেয়ে কোনো ব্যক্তি যেকোনো মাধ্যমে যোগাযোগ করে, তাহলে তাৎক্ষণিকভাবে রিটার্নিং কর্মকর্তা অথবা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কর্মরত ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. মঞ্জুর হোসেন খানকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।