
প্রথম ভোট দিয়ে উচ্ছ্বসিত বুয়েটের শিক্ষার্থী। তিনি বলেন, ‘আজ নিজেকে সম্মানিত নাগরিক মনে হচ্ছে।’
‘আজ বিশ্বাস হচ্ছে, আমি এ দেশের একজন সম্মানিত নাগরিক। দেশের নেতা নির্বাচনে আমার সিদ্ধান্তও গুরুত্বপূর্ণ।’ এবারের জাতীয় নির্বাচনে প্রথমবার ভোট দিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে কথাগুলো বলেন সাদমান হোসেন।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে নাটোর শহরের কানাইখালি এলাকার মছিরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর এ কথা বলেন সাদমান।
সাদমান হোসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী। তিনি জানান, জীবনের প্রথম ভোট দেওয়ার জন্য ঢাকা থেকে বাসে কষ্ট করে নাটোরে এসেছেন। প্রথম ভোট দেওয়ার উত্তেজনায় নির্ঘুম রাত কাটিয়েছেন।
সাদমান বলেন, সকালে বাবার সঙ্গে ভোটকেন্দ্রে আসেন। সরাসরি বুথে ঢোকার সুযোগ থাকলেও তিনি অন্য ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন। ভোটার তালিকায় নিজের ছবি দেখে ভালো লেগেছে। ব্যালট পেপার ভাঁজ করার নিয়ম শিখে নিয়ে গোপন কক্ষে পছন্দের প্রার্থীকে ভোট দেন। পুরো অভিজ্ঞতাকে তিনি ‘অসাধারণ’ বলে উল্লেখ করেন।
নিজের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নিয়েই ভোট দিয়েছেন জানিয়ে এই শিক্ষার্থী বলেন, তাঁর কাছে কেউ ভোট চাননি এবং পরিবারের পক্ষ থেকেও নির্দিষ্ট কোনো প্রার্থীকে ভোট দিতে বলা হয়নি।