ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যানজট

সংস্কারকাজ বন্ধ রাখার অনুরোধ পুলিশের, সওজ বলছে ২৫ জুনের পর

যানজটে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাতায়াতকারী ব্যক্তিদের। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের বিজয় সরণি কলেজ এলাকায়
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পলিমার মডিফাইড বিটুমিন (পিএমবি) ব্যবহার করে সংস্কারকাজ চলছে। এ কারণে সম্প্রতি প্রতিদিনই মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। গতকাল সোমবারও মহাসড়কের চট্টগ্রাম নগরের এ কে খান এলাকা থেকে সীতাকুণ্ডের শুকলালহাট পর্যন্ত ২৮ কিলোমিটার দিনভর যানজট ছিল।

২৯ জুন ঈদুল আজহা সামনে রেখে আপাতত মহাসড়কের সংস্কার না করার জন্য সড়ক ও জনপদ বিভাগকে (সওজ) অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ। মহাসড়কে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সংস্থাটি বলছে, ঈদকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে গরু বিক্রির হাট বসছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে গরু আনা হচ্ছে সীতাকুণ্ড ও চট্টগ্রামে। স্থানীয় বাসিন্দারা গরু কেনাবেচাতে বিভিন্ন হাটে আসা-যাওয়া করতে শুরু করেছেন। মহাসড়কে যানজটের কারণে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তবে সওজ বলছে, পুরোদমে বর্ষা শুরু হওয়ার আগেই তারা সংস্কারকাজ শেষ করতে চান। মহাসড়কের যেখানে প্রতিবছর বর্ষায় খানাখন্দকের সৃষ্টি হয়, সেসব স্থান সংস্কার করতে হবে। ফলে আবহাওয়া ভালো থাকলে ২৫ জুন পর্যন্ত তারা সংস্কারকাজ করবে। হাইওয়ে পুলিশ আরও তৎপর হলে যানজটের ভোগান্তি কমবে বলে মনে করছে সংস্থাটি।

গতকাল দিনভর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজটে স্থবির ছিল। বেলা ১১টার দিকে সৃষ্ট যানজট শেষ হয় গভীর রাতে। পুলিশ, সওজ ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, শুধু সড়ক সংস্কারের কারণে যানজটের সৃষ্টি হয়েছে এমন নয়। একাধিকস্থানে গাড়ি বিকল ও দুর্ঘটনার কারণেও এ যানজট দীর্ঘ হয়।

গতকাল রাত সাড়ে ৯টার দিকেও চট্টগ্রাম নগরের সিটিগেট থেকে উপজেলার সোনাইছড়ি পর্যন্ত অন্তত ১৬ কিলোমিটার যানজট ছিল। রাত সাড়ে ১০টার দিকে ভাটিয়ারী বাজার, জলিল গেট, কদমরসূল এলাকায় ঘুরে দেখা যায়, কখনো গাড়ি ধীরে ধীরে চলছে, আবার কখনো দাঁড়িয়ে পড়ছে। একবার গাড়ি থেমে গেলে তিন থেকে পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকছে।

জলিল গেট এলাকায় দাঁড়ানো ট্রাকচালক মাসুম বিল্লাহ প্রথম আলোকে বলেন, তিনি বাড়বকুণ্ড এলাকা থেকে যানজটে পড়েছেন। জলিল গেট এলাকায় পৌঁছাতে তাঁকে তিন ঘণ্টা সময় ব্যয় করতে হয়েছে। অথচ স্বাভাবিক সময় এই পথ যেতে ২০ মিনিটের বেশি লাগে না।

বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংস্থারের কারণে প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। এখন মহাসড়কে ঈদে বাড়ি যাওয়ার জন্য ঘরমুখী মানুষের যাতায়াত বেড়ে যাবে। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু আনা–নেওয়া করা হবে। এমনকি স্থানীয় স্থায়ী-অস্থায়ী গরুর বাজারগুলোয় গরু কেনাবেচা হবে। ফলে মহাসড়কের যানজটে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হবে। এ বিষয়টি মাথায় রেখে তিনি সওজের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারের প্রতিনিধিকে ঈদ পর্যন্ত সড়ক সংস্কারকাজ বন্ধ রাখার অনুরোধ করেছেন।

বর্তমানে মহাসড়কের সলিমপুর এলাকায় সংস্কারকাজ চলছে। এই অংশে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান তাহের ব্রাদার্স লিমিটেড। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. হানিফ প্রথম আলোকে বলেন, হাইওয়ে পুলিশের পক্ষ থেকে তাদের কাছে সংস্কারকাজ বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়েছে। বিষয়টি তারা সওজের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিতভাবে জানাবেন। সেখানকার নির্দেশনা অনুসারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা প্রথম আলোকে বলেন, পুরোদমে বর্ষা শুরুর আগে মহাসড়ক সংস্কার করতে না পারলে খানাখন্দক সৃষ্টি হয়ে মহাসড়কে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হবে। তখন যানজট হবে, গাড়ি ক্ষতিগ্রস্ত হবে। এখন বর্ষা শুরুর আগে সংস্কারকাজ করতে পারলে আর দুর্ভোগ হবে না। ফলে এখন সংস্কারকাজ করতে গেলে কিছুটা যানজটের ভোগান্তি পোহাতে হবে। আবহাওয়া ভালো থাকলে তারা ২৫ জুন পর্যন্ত সড়ক সংস্কার করতে চান।

পিন্টু চাকমার মতে, হাইওয়ে পুলিশ আরও তৎপর হলে যানজট কিছুটা কম হতো। ট্রাফিক নিয়ন্ত্রণে সাধারণ পোশাকে থাকা সড়কের লোকজনকে যানবাহন চালকেরা গুরুত্ব দিতে চান না। পুলিশের পোশাকে কেউ দাঁড়িয়ে থাকলে চালকেরা ভয়ে বিশৃঙ্খলভাবে গাড়ি চালান না। হাইওয়ে পুলিশের উপস্থিতি বাড়লে মহাসড়কে যানজটের দুর্ভোগ অনেকটা কমে যাবে।