সুন্দরবন-সংলগ্ন কয়রা থেকে তিন মাসে ৪৭৯ কেজি হরিণের মাংস জব্দ

সর্বশেষ এক সপ্তাহ আগে কয়রার দক্ষিণ বেদকাশী ইউনিয়ন থেকে তিন মণ হরিণের মাংসসহ এক যুবককে আটক করে কোস্টগার্ড
ছবি: সংগৃহীত

কয়েক মাস ধরে খুলনার সুন্দরবন-সংলগ্ন কয়রা উপজেলায় হরিণশিকারি চক্রের দৌরাত্ম্য বেড়েই চলেছে। গত তিন মাসে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৭৯ কেজি হরিণের মাংস, একটি জবাই করা হরিণ, পাঁচটি চামড়া ও মাথা উদ্ধার করেছে প্রশাসন। এ সময়ে মামলা হয়েছে ১০টি, গ্রেপ্তার হয়েছেন ৬ জন। সর্বশেষ এক সপ্তাহ আগে তিন মণ হরিণের মাংসসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নির্বিচারে হরিণ নিধনের কারণে সাধারণ মানুষের পাশাপাশি প্রশাসনও উদ্বিগ্ন।

আজ মঙ্গলবার বেলা ১১টায় কয়রা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়। সভায় নির্বিচারে হরিণ নিধনে উদ্বেগ প্রকাশ করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মমিনুর রহমানের সভাপতিত্বে সভায় বলা হয়, বেশ কয়েক মাস ধরে সুন্দরবনে হরিণশিকারি, বনের কাঠ লুটকারী ও বিষ প্রয়োগে মাছ নিধনকারীদের দৌরাত্ম্য উদ্বেগজনক হারে বেড়েছে। বনজ সম্পদ রক্ষায় এখনই তাঁদের চিহ্নিত করে দমন করতে হবে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বন বিভাগসহ প্রশাসনের কর্মকর্তাদের আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, তিন মাসে সুন্দরবন-সংলগ্ন কয়রা উপজেলা থেকে পুলিশ, কোস্টগার্ড ও বন বিভাগের অভিযানে ৪৭৯ কেজি হরিণের মাংস, একটি জবাই করা হরিণ, পাঁচটি চামড়া ও মাথা উদ্ধার করা হয়েছে। সর্বশেষ ১৭ এপ্রিল কয়রার দক্ষিণ বেদকাশী থেকে তিন মণ হরিণের মাংসসহ শাহ আলম (৩৫) নামের এক যুবককে আটক করে কোস্টগার্ড।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাজী মুস্তাইন বিল্লাহ, মৎস্য কর্মকর্তা মো. আমিনুল হক, কয়রা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা গোলাম মোস্তফা, কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহিম আলী, সুন্দরবনের বানিয়াখালী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা এ কে এম আবু সাইদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছের আলী, সরদার নুরুল ইসলাম, এস এম বাহারুল ইসলাম, আবদুস সামাদ গাজী, শাহনেওয়াজ প্রমুখ বক্তব্য দেন।

ইউএনও মো. মমিনুর রহমান প্রথম আলোকে বলেন, কয়রায় সুন্দরবনকেন্দ্রিক অপরাধপ্রবণতার চিত্র তাঁদের উদ্বিগ্ন করেছে। এ ব্যাপারে প্রশাসনের সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষত হরিণশিকারিদের দৌরাত্ম্য রুখতে নজরদারি বাড়াতে বলা হয়েছে। বন বিভাগ ও পুলিশকে নিয়ে দ্রুত চোরা শিকারিদের অপতৎপরতা বন্ধ করা হবে।