শ্রমিকনেতা শহিদুল হত্যার বিচার দাবিতে গাজীপুরে শ্রমিক দলের প্রতিবাদ সভা

গার্মেন্টস শ্রমিকনেতা শহিদুল ইসলাম হত্যার বিচারের দাবিতে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দলের প্রতিবাদ সভা। শুক্রবার সকালে গাজীপুর রাজবাড়ী সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে
ছবি: প্রথম আলো

গাজীপুরের টঙ্গীতে শ্রমিকনেতা শহিদুল ইসলাম হত্যাকাণ্ডের বিচার দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দলের নেতারা। আজ শুক্রবার বেলা ১১টায় গাজীপুর শহরে বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় নেতারা পুরো ঘটনার সুষ্ঠু তদন্তসহ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ বিচার দাবি করেন।

পূর্বঘোষণা অনুযায়ী বেলা ১১টা থেকে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা। তাঁরা শহিদুল হত্যার বিচার দাবিতে স্লোগান দিতে থাকেন।

নেতারা বলেন, বাংলাদেশের সংবিধান ও শ্রম আইন অনুযায়ী প্রত্যেক শ্রমিকের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা নিয়মিত পরিশোধ করার কথা বলা হয়েছে। কিন্তু প্রতিবছর ঈদ এলেই কারখানার মালিকেরা শ্রমিকের পাওনা টাকা নিয়ে টালবাহানা শুরু করেন। শ্রমিকদের প্রাপ্য পারিশ্রমিক থেকে বঞ্চিত করতে নাটক সাজান। শ্রমিকনেতা শহিদুল এমনই এক পরিস্থিতিতে পাওনা টাকা আদায়ে টঙ্গীর প্রিন্স জ্যাকার্ড কারখানায় গিয়েছিলেন, শ্রমিকদের পাশে দাঁড়িয়েছিলেন।

শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম বলেন, ‘কারখানামালিকেরা সারা বছর ব্যবসা করেন। শ্রমিকদের দিয়ে সারা বছর অর্থ উপার্জন করেন। কিন্তু ঈদ এলেই বেতন-ভাতা নিয়ে তাঁদের গা জ্বালা শুরু হয়ে যায়। আমাদের শহিদুল শ্রমিকদের ডাকে কারখানাটিতে গিয়েছিলেন। কিন্তু সেখানে মালিকপক্ষের ভাড়া করা কিছু সন্ত্রাসী হামলা চালিয়ে তাঁকে হত্যা করেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। না হয় আমরাই কারখানাটি ঘেরাও করব।’

শহিদুল হত্যাকাণ্ডের ঘটনায় গাজীপুরের প্রশাসন ঠিকমতো দায়িত্ব পালন করেনি বলে মনে করেন মঞ্জুরুল ইসলাম। তিনি বলেন, ‘গাজীপুরে শিল্প পুলিশ গঠন করা হয়েছে এখানকার সব শিল্পকারখানার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য। শ্রমিক-মালিকের মধ্যে সুসম্পর্ক স্থাপনের জন্য। এ ছাড়া আছে গাজীপুর জেলা প্রশাসক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তর। আমি মনে করি, তাঁরা তাঁদের দায়িত্ব ঠিকমতো পালন করেননি। তারা আগে থেকে সতর্ক থাকলে হয়তো শহিদুল হত্যার শিকার হতো না।’

শহিদুল ছিলেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলা শাখার সভাপতি। ঈদুল আজহার আগে শ্রমিকদের বকেয়া বেতন–ভাতা না দেওয়ায় গত ২৫ জুন রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর সাতাইশ বাগানবাড়ী এলাকার ‘প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেডে’ যান শহিদুল। সেখানে শ্রমিকদের সঙ্গে কথা বলে কারখানা থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পর অতর্কিত হামলার শিকার হন। এতে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে গাজীপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২৬ জুন টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি কল্পনা আক্তার। এখন পর্যন্ত আসামি ধরা পড়েছে একজন।

প্রতিবাদ কর্মসূচিতে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা শ্রমিক দলের সভাপতি আক্তারুজ্জামান বাবুল। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহশ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খান, কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।