সিলেট সিটি নির্বাচন

কাউন্সিলর পদে নেতা–কর্মীদের প্রার্থিতা ঠেকাতে বিএনপির তৎপরতা

বিএনপি
বিএনপি

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নেতা-কর্মীদের অংশ নেওয়ার আভাস পেয়ে তাঁদের প্রার্থিতা ঠেকাতে তৎপরতা চালাচ্ছে বিএনপি। কেন্দ্রের নির্দেশনায় সম্ভাব্য প্রার্থীদের তালিকা করে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ না নেওয়ার অনুরোধও জানানো হচ্ছে তাঁদের। এরপরও স্বস্তিতে নেই দলটির নেতারা। তাঁদের আশঙ্কা, অনেকে নির্বাচনে প্রার্থী হবেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ জুন ইভিএমে সিলেট সিটি নির্বাচন হবে। ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র প্রতাহারের শেষ দিন ১ জুন। ২ জুন প্রতীক বরাদ্দের পর প্রচার-প্রচারণা শুরু হবে। আজ বুধবার পর্যন্ত মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ২৮৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির প্রথম আলোকে বলেন, জাতীয় নির্বাচন থেকে দৃষ্টি সরাতে সিটি নির্বাচনকে ব্যবহার করতে চাইছে সরকার। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে বিএনপি। কোনো পার্শ্ব নাটকে যোগ দিতে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে আগ্রহ নেই বিএনপির। তাই সিটি নির্বাচনে মেয়র বা কাউন্সিলর পদে দলের কেউ যাতে অংশ না নেন, সেই বার্তা দেওয়া হয়েছে।

বিএনপির একাধিক নেতা জানান, সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। কাউন্সিলর পদে দলীয় প্রতীকে নির্বাচন না হলেও কেন্দ্রীয় নেতারা নেতা-কর্মীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার নির্দেশনা দিয়েছেন। সিদ্ধান্ত অমান্যকারীদের স্থায়ী বহিষ্কারের মুখোমুখি হতে হবে, এমন বার্তা তৃণমূলে দিচ্ছে দলটি। এরপরও অনেক নেতা–কর্মী নির্দেশনা অমান্য করে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন প্রথম আলোকে বলেন, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন না করার নির্দেশনা দেওয়া আছে। দলের উচ্চ পর্যায়ের নির্দেশনা অনুযায়ী কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরির কাজ চলছে। ইতিমধ্যে ২৫ জনের প্রাথমিক একটি তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। তাঁদের নির্বাচন থেকে বিরত থাকার মৌখিক নির্দেশনাও দল থেকে জানানো হয়েছে। বাকি ব্যক্তিদের তালিকা করে একই নির্দেশনা দেওয়া হবে।

সাধারণ ভোটার ও দলীয় কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরের ৪২টি ওয়ার্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন অন্তত ৪৫০ জন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী। এর মধ্যে প্রায় এক শ প্রার্থী বিএনপির নেতা–কর্মী ও সমর্থক। বিএনপি ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ নেতা থেকে শুরু করে তৃণমূলের কর্মী পর্যন্ত কাউন্সিলর পদের জন্য প্রচারণা চালাচ্ছেন। বিএনপিপন্থী সম্ভাব্য প্রার্থীর পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে আছে পাড়া-মহল্লা। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন।

১ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক সদস্য সৈয়দ তৌফিকুল হাদী এবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতিমধ্যে তিনি এলাকায় একাধিক ‘নির্বাচনী মতবিনিময় সভা’ করেছেন। যোগাযোগ করলে তৌফিকুল হাদী বলেন, ‘আমি দল করি। তাই দলের সিদ্ধান্তের বিষয়টি ভাবব। অন্যদিকে দুবারের কাউন্সিলর হওয়ায় এলাকাবাসী প্রার্থী হতে চাপ দিচ্ছেন। এটি উপেক্ষা করা কঠিন।’

বিএনপির একটি বিশ্বস্ত সূত্র জানায়, দেশে যে পাঁচটি সিটিতে নির্বাচন হচ্ছে, কোনোটিতেই দলের নেতা–কর্মীরা মেয়র বা কাউন্সিলর প্রার্থী হন, সেটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চান না। তাঁর নির্দেশে সিলেটে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচন থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। দল এ বিষয়ে শক্ত অবস্থানে আছে।

জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, দলীয় প্রতীকে নির্বাচন না হলেও বিএনপির কোনো পর্যায়ের নেতা-কর্মী কাউন্সিলর পদে অংশ নিতে পারবেন না। এ সিদ্ধান্তের বাইরে গেলে দল সাংগঠনিক ব্যবস্থা নেবে। যত বড় নেতা হোন না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না বলে দলের উচ্চ পর্যায় থেকে তাঁদের জানানো হয়েছে।

কেন্দ্রে ২৫ নেতার নাম জমা

মহানগর বিএনপির একটি সূত্র জানিয়েছে, দলের উচ্চ পর্যায়ের নির্দেশনায় কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে সরব থাকা সিলেট বিএনপির ২৫ নেতার নামের একটি প্রাথমিক তালিকা করা হয়েছে। তালিকাটি কেন্দ্রীয় বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছেও পাঠানো হয়েছে। নির্বাচনে অংশ নিলে এসব নেতাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত আসতে পারে।

প্রস্তুত করা তালিকাটি অসম্পূর্ণ বলে দাবি করেছে বিএনপি। দলটি বলছে, ওয়ার্ড ও তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে পরিপূর্ণ তালিকা তৈরির চেষ্টা চলছে। দুটি ভাগে কাজটি করা হবে। প্রথম ভাগে নেতারা ও দ্বিতীয় ভাগে কর্মী-সমর্থকদের নাম রাখা হচ্ছে। সব মিলিয়ে অন্তত এক শ নেতা-কর্মী মাঠে সরব আছেন বলে তাঁরা প্রাথমিকভাবে ধারণা করছেন।

মহান মে দিবস উপলক্ষে কর্মী-সমর্থকদের নিয়ে শোভাযাত্রা বের করেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী

বিএনপির প্রাথমিক তালিকায় থাকা ২৫ নেতার মধ্যে ৮ জনই বর্তমান কাউন্সিলর। তাঁরা হলেন ৪ নম্বর ওয়ার্ডের রেজাউল হাসান লোদী (কয়েস লোদী), ৬ নম্বর ওয়ার্ডের ফরহাদ চৌধুরী (শামীম), ১ নম্বর ওয়ার্ডের সৈয়দ তৌফিকুল হাদী, ১১ নম্বর ওয়ার্ডের রকিবুল ইসলাম (ঝলক), ১৪ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম (মুনিম), ১৮ নম্বর ওয়ার্ডের এ বি এম জিল্লুর রহমান (উজ্জ্বল), ২১ নম্বর ওয়ার্ডের আবদুর রকিব (তুহিন) এবং সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর ও মহানগর মহিলা দলের আহ্বায়ক রোকসানা বেগম। তালিকায় চারজন সাবেক কাউন্সিলর আছেন। তাঁরা হলেন ২৬ নম্বর ওয়ার্ডের সেলিম আহমদ (রনি), ২২ নম্বর ওয়ার্ডের সৈয়দ মিছবা উদ্দিন, সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর ও জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির (সেফি) এবং ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দিনার খান (হাসু)। তাঁরা সবাই মহানগর বিএনপির সাবেক নেতা।

সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের তালিকায় থাকা অন্য নেতারা হলেন ২৯ নম্বর ওয়ার্ডে জেলা বিএনপির উপদেষ্টা গোলাম মোস্তফা কামাল, ৪২ নম্বর ওয়ার্ডে জেলা যুবদলের সাবেক নেতা সুমন সিকদার ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বজলুর রহমান, ৪০ নম্বর ওয়ার্ডে ছাত্রদলের সাবেক নেতা আবদুল হাসিব, ৩৯ নম্বর ওয়ার্ডে জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন (সুমন), ৩৮ নম্বর ওয়ার্ডে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক উসমান হারুন পনির, ৩৭ নম্বর ওয়ার্ডে দিলওয়ার হোসেন, ৩৩ নম্বর ওয়ার্ডে ছাত্রদল নেতা দিলওয়ার হোসেন ও বিএনপি নেতা গৌস উদ্দিন, ৩২ নম্বর ওয়ার্ডে যুবদল নেতা কামাল আহমদ ও বিএনপি নেতা হাবিবুর রহমান, ২৩ নম্বর ওয়ার্ডে বিএনপি মামুনুর রহমান এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমীর হোসেন।

জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন কাউন্সিলর প্রার্থী হিসেবে সপ্তাহখানেক আগে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি বলেন, ‘যখন মনোনয়নপত্র সংগ্রহ করেছি, তখন কাউন্সিলর প্রার্থীদের ক্ষেত্রে দল এত হার্ডলাইনে ছিল না। এখন দল নির্বাচনে অংশ না নেওয়ার জন্য চাপ দিচ্ছে। তাই প্রার্থী হব কি না ভাবছি।’