শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন করায় হামলা, আ.লীগ নেতার নামে থানায় অভিযোগ

প্রধান শিক্ষকের পক্ষে মানববন্ধন করায় হামলার শিকার কামাল হোসেন পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। শুক্রবার সকালে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
 ছবি: প্রথম আলো

রাজশাহীর পুঠিয়ায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করার জেরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় একজনের ওপরে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত ওই ব্যক্তিকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ মোল্লার নামে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

আহত ব্যক্তির নাম কামাল হোসেন (৪৫)। তিনি পুঠিয়া উপজেলার নয়াপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।

পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুল বারি বলেন, তাঁরা গতকাল রাতে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি শুনেছেন, আহত ব্যক্তি পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

থানায় লিখিত অভিযোগে কামাল হোসেন বলেছেন, সৈয়দ করম আলী শাহ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কোরবান আলীকে লাঞ্ছিত করা ও হুমকি দেওয়ার প্রতিবাদে গত বুধবার তিনি ৭০–৮০ জন লোক নিয়ে পুঠিয়া উপজেলা চত্বরে মানববন্ধন করেন। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যা সাতটার দিকে আওয়ামী লীগের নেতা আবদুস সামাদের হুকুমে অন্যরা তাঁর ওপর চায়নিজ কুড়াল, হাতুড়ি ও চাকু নিয়ে হামলা চালান। এ সময় তাঁকে হাতুড়িপেটা করা হয়েছে। মাথায় ও কানে তিনি আঘাত পেয়েছেন। রাতে তিনি পুঠিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগের বিষয়ে আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, গতকাল তিনি একটি সালিসে ব্যস্ত ছিলেন। চায়ের দোকানে একটি ঘটনার কথা তিনি শুনেছেন। তাঁর নামে থানায় অভিযোগ করার ব্যাপারে তিনি বলেন, একটি বিচ্ছিন্ন ঘটনাকে ‘কালার’ দিয়ে তাঁর নামে অভিযোগ করা হয়েছে। অভিযোগটি সত্য নয়। এর আগে তিনি বলেছিলেন, প্রধান শিক্ষককে লাঞ্ছিতের কোনো ঘটনাই ঘটেনি। তুচ্ছ বিষয়কে এভাবে স্থানীয় সংসদ সদস্য বড় করছেন।

এর আগে হুমকি দেওয়ার অভিযোগে সৈয়দ করম আলী শাহ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কোরবান আলী আওয়ামী লীগ নেতা আবদুস সামাদের বিরুদ্ধে পুঠিয়া থানায় জিডি করেন। বুধবার মানববন্ধন কর্মসূচিতে কোরবান আলী বলেন, করোনাকালে তাঁর বিদ্যালয়ে অ্যাডহক কমিটি করা হয়েছিল। দীর্ঘদিন থেকে সেই কমিটি বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করে আসছে। তাঁরা পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কার্যক্রম শুরু করেছিলেন। গত সোমবার হঠাৎ আওয়ামী লীগ নেতা আবদুস সামাদ মোল্লাসহ স্থানীয় ১০ থেকে ১৫ জন ব্যক্তি বিদ্যালয়ে আসেন। একটি লিখিত কাগজ তাঁর সামনে দিয়ে এতে সই করার জন্য জোরাজুরি করেন। তিনি সই দিতে না চাইলে আবদুস সামাদ মোল্লা তাঁর কলার ধরে টানাটানি ও অকথ্য ভাষায় গালাগাল করেন। তাঁকে মারার জন্য তাঁরা তেড়ে এলে ভয়ে বিদ্যালয়ের শৌচাগারে আশ্রয় নেন তিনি। সেখান থেকেই তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুঠিয়া থানার পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। ওই দিনই তিনি থানায় ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জিডি করেছেন।