
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান এবার তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সায়ীদ মো. আবদুল্লাহকে প্রধান আসামি করে মামলা করেছেন। দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ও এক স্বেচ্ছাসেবক লীগ নেতার ওপর হামলার অভিযোগে গতকাল রোববার রাত সোয়া ১১টার দিকে দায়ের হওয়া এ মামলায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
এর আগে স্বেচ্ছাসেবক লীগ নেতা আফতাব হোসেন খানের বিরুদ্ধে সায়ীদ মো. আবদুল্লাহর বাসার সামনে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ উঠেছিল। এ ঘটনায় গত শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মহানগরের বিমানবন্দর থানায় মামলা হলে পুলিশ আফতাবের তিনজন কর্মীকে গ্রেপ্তার করে। তবে মামলার প্রধান আসামি আফতাব ও তাঁর অনুসারী অস্ত্রধারী মো. আবুল কালাম আজাদ ওরফে তুহিন এখনো ধরাছোঁয়ার বাইরে।
পুলিশ ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল আফতাব হোসেন খান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এতে তিনি অভিযোগ করেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরের জালালাবাদ আবাসিক এলাকার প্রবেশ গেটের পাশে ৩৫ থেকে ৪০টি মোটরসাইকেলযোগে সায়ীদ মো. আবদুল্লাহর নেতৃত্বে অন্তত ৯৭ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেন। এ সময় সন্ত্রাসীরা মহানগর স্বেচ্ছাসেবক লীগের অর্থবিষয়ক সম্পাদক মো. শাহানূর আলমকে লোহার রড, জিআই পাইপ ও হকিস্টিক দিয়ে আক্রমণ করে। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত শাহানূর ডান হাত ও ডান পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। আফতাব হোসেন লিখিত অভিযোগের সঙ্গে হামলায় আহত মো. শাহানূর আলমের একটি লিখিত অভিযোগও সংযুক্ত করে দেন।
এ অভিযোগ পাওয়ার পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিষয়টি তদন্ত করা হয়। প্রাথমিক সত্যতা পাওয়ায় এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মহানগরের পুলিশ কমিশনারকে অনুরোধ জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে আফতাব হোসেন খানের অভিযোগটি বিবেচনায় নিয়ে মহানগরের বিমানবন্দর থানায় সায়ীদ মো. আবদুল্লাহকে প্রধান আসামি করে মামলাটি করা হয়। এ মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন ২০১৯ অনুযায়ী, ত্রাস সৃষ্টি করে ভয়ভীতি ছড়ানোসহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে মামলাটি হয়েছে।
মামলার পরপরই গতকাল রাতে কাউন্সিলর প্রার্থী সায়ীদ মো. আবদুল্লাহর অনুসারী হিসেবে পরিচিত দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন পীরমহল্লা এলাকার বাসিন্দা আবুল কালাম (৫০) ও জুনেদ আহমদ (২৫)। তাঁরা মামলার এজাহারভুক্ত আসামি।
সিলেট মহানগরের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান পরিচালনা করছে।
সায়ীদ মো. আবদুল্লাহর বাসার সামনে অস্ত্রের মহড়া দেওয়ার ঘটনায় হওয়া মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ার বিষয়ে জানতে চাইলে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বলেন, পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ৭ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে আফতাব (ঘুড়ি) ও সায়ীদ (লাটিম) ছাড়াও মো. জাহিদ খান সায়েক (ঠেলাগাড়ি) প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২১ জুন এ সিটিতে ভোট হবে।