ফতুল্লায় গ্যাসের বিস্ফোরণে দগ্ধ স্বামীও মারা গেছেন

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
ফাইল ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় লাইনের ছিদ্র থেকে বের হওয়া গ্যাস জমে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক আল আমিন (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়।

এর আগে গত সোমবার সকালে আল আমিনের স্ত্রী সুখী আক্তারও (২৫) একই ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রোববার বেলা একটার দিকে ফতুল্লার রামারবাগ এলাকায় দোতলা বাড়ির নিচতলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, আল আমিনের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এস এম আইউব হোসেন প্রথম আলোকে বলেন, আল আমিনের শরীরের ৯৫ শতাংশ এবং তাঁর স্ত্রী সুখী আক্তারের শরীরের ৯৮ শতাংশ পুড়ে গিয়েছিল।

এ ঘটনায় আরও তিনজন চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে রফিক মিয়ার (৩৫) শরীরের ৯২ শতাংশ এবং অপর দুজন আলেয়া বেগম (৬০) ও জামাল হোসেনের (৪৫) শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

আল আমিনের চাচাতো ভাই মো. রাসেল প্রথম আলোকে বলেন, আল আমিন ও সুখী আক্তার দম্পতির বাড়ি পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুর গ্রামে।

স্বামী-স্ত্রী নারায়ণগঞ্জের ফতুল্লা পোশাক কারখানায় কাজ করতেন। রোববার দুপুরে খাবার খেতে বাসায় আসেন দুজন। এ সময় খাবার গরম করতে চুলায় আগুন জ্বালাতে গেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।