পাংশায় গুলি করে শিক্ষক হত্যা, গ্রেপ্তার আসামি দুই দিনের রিমান্ডে

নিহত স্কুলশিক্ষক মিজানুর রহমান
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশা উপজেলায় স্কুলশিক্ষক ও সার ব্যবসায়ী মিজানুর রহমানকে (৪৫) গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার দুপুরে মিজানুর রহমানের প্রতিবেশী ব্যবসায়ী বসাকুষ্টিয়া গ্রামের বাসিন্দা অসিত বিশ্বাসকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়। তাঁর সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালতের বিচারক ইকবাল হোসেন দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত মঙ্গলবার বিকেলে নিহত ব্যক্তির স্ত্রী শাহানারা বেগম বাদী হয়ে অসিত বিশ্বাসের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে মামলাটি করেন। এর আগেই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য অসিত বিশ্বাসকে বাড়ি থেকে আটক করে থানায় নেয়। পরে মামলা হলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

নিহত মিজানুর রহমান পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের ইব্রাহিম মণ্ডলের ছেলে। তিনি পাংশা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি একই ইউনিয়নের হোসেনডাঙ্গা বাজারে সার, কীটনাশক ও ভুসিমালের ব্যবসা করতেন।

গত রোববার রাত পৌনে ১০টার দিকে এই বাজার থেকে ৩০০ মিটার দূরত্বে মিজানুর রহমানকে গুলি করে হত্যা করা হয়।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, মঙ্গলবার বিকেলে নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে থানায় লিখিত এজাহার দিয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। পরে মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে চালান করা হয়। আদালতের বিচারক দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করে যাচ্ছে।

মামলার বাদী শাহানারা বেগম প্রথম আলোকে বলেন, ‘দুই ছেলে ও এক মেয়ে নিয়ে আমাদের সুখের সংসার। রোববার বেলা তিনটার দিকে ছোট ছেলেকে সঙ্গে নিয়ে তিনি (মিজানুর) দোকানে যান। বাড়ি থেকে ভালো মানুষ গেল। ফিরতে হলো লাশ হয়ে। আমাদের সবকিছু তছনছ হয়ে গেল। আমার স্বামী নিজের মতো চলাফেরা করতেন। প্রতিবাদী ছিলেন। তাঁর তেমন কোনো শত্রু ছিল না। হোসেনডাঙ্গা বাজারে আমাদের দোকানের পাশের দোকানদার অসিত বিশ্বাসের সঙ্গে জমি কেনা নিয়ে বিরোধ ছিল। আমি বারবার এ জমি কিনতে নিষেধ করতাম।’

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের হোসেনডাঙা গ্রামের ওয়াজেদ মেম্বারের বাড়ির পাশে রাস্তার এই স্থানে গুলি করে মিজানুর রহমানকে হত্যা করা হয়। জায়গাটি ইট দিয়ে ঘিরে রাখা হয়েছে

এদিকে সোমবার হোসেনডাঙ্গা গ্রামে অসিত বিশ্বাসের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর স্ত্রী কাঞ্চনী বিশ্বাস বলেন, ‘রাতে আমার স্বামী বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত একটার দিকে পুলিশ এসে ডেকে তোলে। বাইরে স্যার কথা বলবেন বলে নিয়ে যান। আমিও পেছন পেছন যাই। আমাকে যেতে নিষেধ করা হয়। এরপর পুলিশ তাঁকে গাড়িতে তোলে। আমাকে জানায়, স্বামীকে সকালে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু তিনি সকালে বাড়িতে ফেরেননি।’

নিহত মিজানুরের একাধিক স্বজন অভিযোগ করেন, সোমবার সকালে তাঁদের ফোন করে হুমকি দেওয়া হয়। সম্রাট বাহিনীর প্রধান অমৃত মণ্ডল ওরফে সম্রাট এই হুমকি দেন ও চাঁদা চান। সম্রাট হোসেনডাঙ্গার কামারমোড় এলাকার অক্ষয় কুমার মণ্ডলের ছেলে। তবে তিনি ভারতের সীমান্ত এলাকায় বসবাস করেন। স্থানীয়ভাবে তাঁর সহযোগী রয়েছে। চাঁদা না দিলে মিজানুরের মতো গুলি করে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। এ ঘটনার পর থেকে তাঁরা আতঙ্কে রয়েছেন।

হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে কথা বলার জন্য অমৃত মণ্ডল ওরফে সম্রাটের ব্যবহৃত মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।