কমলগঞ্জে চা-শ্রমিক হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

হাতকড়া
প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জে চা–বাগানে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে রতি রাম নায়েক (৪০) নিহতের ঘটনায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নিহত ব্যক্তির ভাই রাজু নায়েক বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আসামিরা হলেন দর্গামা অলমিক (৪৫) ও তাঁর ভাই সুশীল অলমিক (৪০)। এর আগে গতকাল বুধবার রাতে কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নের ডবলছড়া চা–বাগানে দর্গানা অলমিক ও তাঁর ভাই সুশীল অলমিকের মধ্যে ঝগড়া বাধে। দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে রতি রাম নায়েক নিহত হন।

রতি রাম নায়েক ওই চা-বাগানের শ্রমিক গোপেশ নায়েকের ছেলে। এ ঘটনার পর আজ সকাল ১০টার দিকে দর্গানা অলমিককে আটক করেছে পুলিশ। ডবলছড়া চা–বাগানের শ্রমিকেরা পাহারা বসিয়ে দর্গানা অলমিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনার এক ঘণ্টা পর সুশীল অলমিককে আটক করা হয়। আজ দুপুরে মামলা হলে তাঁদের দুজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, দর্গানা অলমিক ও সুশীল অলমিক ওই চা-বাগানের শ্রমিক। গতকাল রাতে দুই ভাইয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। তাঁদের বাগ্‌বিতণ্ডা তীব্র আকার ধারণ করলে প্রতিবেশী চা-শ্রমিক রতি রাম নায়েক সেখানে গিয়ে বিবাদ মেটানোর চেষ্টা করেন। এ সময় দর্গানা অলমিক ক্ষিপ্ত হয়ে দা দিয়ে রতি রাম নায়েককে এলোপাতাড়ি কোপান। এতে রতি রাম নায়েক গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে শমশেরনগর নগরের ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর রাত ১০টার দিকে পর রতি রাম নায়েকের মৃত্যু হয়।

খবর পেয়ে রাতেই শমশেরনগর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে সুরতহাল তৈরির পর ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মামলার তদন্ত কর্মকর্তা শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবদুর রহমান বলেন, এজাহারভুক্ত দুই আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।