গাজীপুরে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় আটক ৭, কারখানা বন্ধ

ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানার প্রধান ফটক। আজ সোমবার সকাল ১০টার দিকে গাজীপুরের শ্রীপুরের রাজাবাড়ী ইউনিয়নের ধলাদিয়া গ্রামে
ছবি: প্রথম আলো

গাজীপুরের শ্রীপুরে ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের কারখানায় পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। এদিকে কারখানাটি ১৮ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করে আজ সোমবার সকালে ফটকে নোটিশ সাঁটিয়েছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ধলাদিয়া গ্রামে ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন-ভাতার দাবিতে গত শনিবার সকাল থেকে আন্দোলন শুরু করেন। মালিকপক্ষের আশ্বাসে প্রথম দিন আন্দোলন স্থগিত করেন শ্রমিকেরা। পরদিন গতকাল রোববার দুপুর ১২টায় মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের বৈঠক হওয়ার কথা। যথাসময়ে বৈঠক না হওয়ায় আবার আন্দোলন শুরু করেন শ্রমিকেরা। বিকেলে বৈঠক হলেও কোনো সমাধানে না আসায় আবার ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকেরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তাঁরা। এ সময় শিল্প পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। প্রায় আধা ঘণ্টা চলে সংঘর্ষ। কারখানার মালিকপক্ষের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। বেশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

বিক্ষুব্ধ শ্রমিকদের আগুনে পুড়ে যাওয়া শিল্প পুলিশের গাড়ি। রোববার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুরের রাজাবাড়ী ইউনিয়নের ধলাদিয়া গ্রামে ডার্ড কম্পোজিট কারখানা এলাকায়

আজ সকাল ১০টায় কারখানার সামনে গিয়ে দেখা যায়, ফটকের আশপাশ ও ভেতরে বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছেন। ফটকের পাশে কারখানার নিরাপত্তারক্ষীদের কক্ষে বসে আছেন বেশ কয়েকজন নিরাপত্তাকর্মী। মূল ফটক থেকে ৫০ মিটার পূর্ব দিকে সড়কের বিভিন্ন জায়গায় ছড়িয়ে–ছিটিয়ে আছে ইটপাটকেল। সড়কের এক জায়গায় আগুনে পোড়া বেশ কিছু কাঠের টুকরা দেখা গেছে।

কারখানার মূল ফটক, প্রবেশদ্বার ও আশপাশের দেওয়ালের অন্তত সাতটি স্থানে কারখানা বন্ধের নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়, অনিবার্য কারণবশত কারখানার সব কার্যক্রম বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ধারা ১২(১) অনুযায়ী ১৫ মে থেকে ১৮ মে পর্যন্ত বন্ধ থাকবে। চিঠিতে স্বাক্ষর করেন কারখানার এইচ আর (এডমিন অ্যান্ড কমপ্লায়েন্স) এর মহাব্যবস্থাপক শেখ আরিফ আহমেদ।

কারখানার ফটকে মোছা. পারুল নামের এক নারীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গণমাধ্যমকর্মী পরিচয় পেয়ে তিনি বলেন, তাঁর জামাতা মো. নুরুল ইসলামকে আজ সকাল ৮টার দিকে কারখানার ফটকের সামনে থেকে আটক করা হয়েছে। কারখানা খোলা হবে কি না, সেই খোঁজ নিতে এসেছিলেন নুরুল ইসলাম। পরিচয় পেয়েই পুলিশ তাঁকে আটক করে। তিনি জামাতার খোঁজ নিতে এসেছেন কিন্তু কেউ কথা বলতে রাজি হচ্ছেন না।

কারখানার পাশের বাসিন্দা মো. ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, সকাল থেকে কারখানার আশপাশে শ্রমিকদের দেখা যায়নি। শুধু পুলিশ সদস্যরা সেখানে অবস্থান করছেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. সারোয়ার আলম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। শিল্প পুলিশের পক্ষ থেকে মামলার কার্যক্রম চলছে। কারখানায় পুলিশ সদস্যরা উপস্থিত আছেন।

গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমীর হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যায় গাড়ি পোড়ানোর ঘটনায় শিল্প পুলিশ আটক ব্যক্তিদের জেলা পুলিশের কাছে হস্তান্তর করেছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।