খুলনায় বিএনপির সংবাদ সম্মেলন

সংঘর্ষের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতা-কর্মীদের গণগ্রেপ্তার, পুলিশের হয়রানি, নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা ও পরিবার-পরিজনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আজ দুপুরে শহরের কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে
ছবি: প্রথম আলো

খুলনায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা করার প্রস্তুতির কথা জানিয়েছে বিএনপি। সেদিনের ঘটনার জন্য দায়ী পুলিশ সদস্যদের ভিডিও ফুটেজ ও নাম-ঠিকানা সংগ্রহ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে শিগগির আদালতে মামলা করা হবে বলে জানিয়েছে দলটি।

আজ মঙ্গলবার দুপুরে খুলনা শহরের কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি নেতারা। খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতা-কর্মীদের গণগ্রেপ্তার, পুলিশের হয়রানি, নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা ও পরিবার-পরিজনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম ওরফে মনা বলেন, গত শুক্রবার বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ নির্বিচারে গুলি করেছে। অমানবিকভাবে পিটিয়ে রক্তাক্ত করেছে। আবার ১ হাজার ৩০০ নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা করেছে। ওসি প্রকাশ্যে অন্যের শটগান কেড়ে নিয়ে নির্বিচারে গুলি চালিয়েছেন। ওই ওসি আইনের ঊর্ধ্বে নন। ওসিসহ ঘটনার জন্য দায়ী পুলিশ সদস্যদের ভিডিও ফুটেজ ও নাম-ঠিকানা সংগ্রহ করা হয়েছে। শিগগিরই আদালতে মামলা করা হবে।

দলের কেন্দ্রীয় ও স্থানীয় গুরুত্বপূর্ণ নেতাদের উচ্চ আদালত থেকে জামিনের প্রক্রিয়া চলছে। এরপরই মামলার প্রক্রিয়া শুরু করা হবে বলে জানান নগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম। তিনি বলেন, চলমান গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ সদস্যরা যদি কারও পক্ষ অবলম্বন করেন, তাহলে যেকোনো পরিস্থিতির জন্য ওই পুলিশ সদস্যরাই দায়ী থাকবেন। ১৯ মে খুলনায় পুলিশ যে নারকীয় তাণ্ডব চালায়, তা নজিরবিহীন।

পুলিশের গুলিতে মহানগর ও জেলার ১৫৪ নেতা-কর্মী গুলিবিদ্ধ, গুরুতর আহতসহ প্রায় ৩০০ নেতা-কর্মী আহত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। নগর ও জেলা মিলিয়ে গ্রেপ্তার করা হয়েছে ৫৯ নেতা-কর্মীকে। সংবাদ সম্মেলনে আহত নেতা-কর্মীদের নাম ও দলীয় পদ-পদবি উল্লেখ করা হয়।

নগর বিএনপির শীর্ষ নেতা শফিকুল আলম বলেন, দিঘলিয়া উপজেলা যুবদলের নেতা সোহেল ১৮ মে হাসপাতালে ভর্তি থাকলেও ১৯ মে তারিখের মামলায় পুলিশ তাঁকে এজাহারনামীয় আসামি করেছে, যা রীতিমতো হাস্যকর। বন্দুকের নলের জোরে কোনো স্বৈরাচার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে পারেনি। বর্তমান অবৈধ সরকারও পারবে না। সরকারের বিদায়ের ঘণ্টা বেজে গেছে। চলমান আন্দোলনের জনস্রোতে সরকার ভেসে যাবে।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী, মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম ওরফে তুহিন, জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসানসহ ১ হাজার ৩০০ নেতা-কর্মীর বিরুদ্ধে হওয়া মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে নেতা-কর্মীদের অহেতুক গ্রেপ্তার, পরিবার-পরিজনকে হয়রানি ও অসৌজন্যমূলক আচরণ করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, বিএনপি নেতা স ম আবদুর রহমান, শের আলম, আবুল কালাম, বদরুল আনাম খান, সাইফুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম, মোল্লা খায়রুল ইসলাম, কাজী মাহমুদ আলী, আশরাফুল আলম খান, এনামুল হক, মুরশিদ কামাল, বিপ্লবুর রহমান, কাজী মিজানুর রহমান, সৈয়দ সাজ্জাদ আহসান, নাজির উদ্দিন, শেখ ইমাম হোসেন, আহসান উল্লাহ, আবু সাইদ হাওলাদার, গাজী আফসার উদ্দিন, নাসির খান, আবদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।