তফসিল ঘোষণার পর চাঁদপুরে অন্তত ২০টি গাড়ি ভাঙচুর, আহত ১৫

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে ভাঙচুর করা একটি সিএনজিচালিত অটোরিকশা। বুধবার রাত ৮টার দিকে
ছবি: প্রথম আলো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই চাঁদপুরে যানবাহন ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার রাত ৮টার দিকে সদর উপজেলার ঘোষেরহাট ও পল্লী বিদ্যুৎ এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে অন্তত ২০টি ছোট–বড় যানবাহন ভাঙচুর করা হয়। হামলায় অন্তত ১৫ জন গাড়িচালক ও যাত্রী আহত হয়েছেন বলে পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছেন। তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

যানবাহন ভাঙচুরের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়ের নেতৃত্বে পুলিশের বেশ কয়েকটি দল ও বিজিবি মোতায়েন করা হয়।

প্রত্যক্ষদর্শী মাসুদ হোসেন ও জয় জানান, মহাসড়কে যানবাহন ভাঙচুরের ঘটনায় যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের পাশাপাশি ছাত্রলীগ কর্মীরাও ঘটনাস্থলে অবস্থান করছেন। তবে আতঙ্ক কাটেনি।

চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আমরা জানতে পারি, তফসিল ঘোষণার পরপরই চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে ঘোষেরহাট ও পল্লী বিদ্যুৎ এলাকায় দুষ্কৃতকারীরা চোরাগোপ্তা হামলা চালায়। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর হয়েছে। আমরা তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠিয়ে যান চলাচল স্বাভাবিক করি। এখনো সেখানে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে। এ ঘটনায় কারা জড়িত তদন্ত করা হচ্ছে। তবে এখনো কাউকে আটক করা যায়নি।’