রাঙামাটি শহরের মুজাদ্দেদ–ই আলফেসানী একাডেমির একটি ভবনের ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। আজ সকালে তোলা
রাঙামাটি শহরের মুজাদ্দেদ–ই আলফেসানী একাডেমির একটি ভবনের ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। আজ সকালে তোলা

রাঙামাটিতে রাতের আঁধারে মুখোশ পরে আদালত ও সরকারি প্রতিষ্ঠানের ফটকে তালা, ভিডিও ভাইরাল

রাঙামাটিতে জেলা জজ আদালত ও প্রধান বন সংরক্ষকের কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে অন্তত তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে। গতকাল সোমবার রাতে এসব ঘটনা ঘটে।

তালা লাগিয়ে দেওয়ার ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দাবি করা হয়েছে, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা এসব তালা ঝুলিয়ে দিয়েছেন। সংগঠনটির অনেক নেতা-কর্মীকে সেই ভিডিও শেয়ার করতে দেখা গেছে।

তালা ঝুলিয়ে দেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বনরূপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বনরূপা মুজাদ্দেদ-ই আলফেসানী একাডেমি ও রাণী দয়াময়ী উচ্চবিদ্যালয়।

আজ মঙ্গলবার সকালে সরেজমিন গিয়ে রাঙামাটি জেলা জজ আদালতের ফটকে দুটি তালা ঝোলানো অবস্থায় দেখা যায়। জানতে চাইলে কোর্ট পুলিশের পরিদর্শক মো. মেজবাহ উদ্দীন ভূঁইয়া বলেন, আদালতের কার্যক্রম শেষে প্রতিদিন নিরাপত্তার স্বার্থে ফটকে একটি তালা লাগানো হয়। এর বাইরে অন্য তালাটির বিষয়ে তাঁর জানা নেই।

রাণী দয়াময়ী উচ্চবিদ্যালয়ের ফটকেও তালা ঝুলতে দেখা যায়। শহরের বনরূপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফটকে গিয়েও দেখা যায় একই চিত্র। জানতে চাইলে বিদ্যালয়টির নিরাপত্তা প্রহরী রত্ন ভূষণ চাকমা প্রথম আলোকে বলেন, ‘সকাল পৌনে সাতটার দিকে স্কুলে ঝাড়ু দেওয়ার জন্য আসি। এসে দেখি স্কুলের ফটকে একটি তালা ঝুলছে।’

রাঙামাটি জেলা জজ আদালতের প্রধান ফটক শিকল দিয়ে বেঁধে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। আজ সকালে তোলা

বনরূপা মুজাদ্দেদ-ই আলফেসানী একাডেমিতে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির একটি ভবনের ভেতরে দাঁড়িয়ে রয়েছে নিরাপত্তা প্রহরী মো. ডালিম। তবে ভবনটির ফটকের বাইরে তালা লাগানো। মো. ডালিম জানান, রাতে তিনি ওই ভবনে ঘুমিয়েছেন। মধ্য রাতে ঘুম থেকে উঠে শৌচাগারে যাওয়ার সময় দেখেন ফটকের বাইরে কে বা কারা তালা লাগিয়ে দিয়েছে। সকালেও তালাটি একইভাবে দেখতে পেয়েছেন।

এসব প্রতিষ্ঠানে তালা লাগানোর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আদালত ফটক, রাণী দয়াময়ী উচ্চবিদ্যালয়, মুজাদ্দেদ-ই আলফেসানী একাডেমি ও বনরূপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফটকে মুখোশ পরা দুই ব্যক্তি তালা লাগিয়ে দিচ্ছেন। তালা লাগানোর দৃশ্যের ভিডিও ধারণ করছেন আরেকজন। ভিডিওতে বন সংরক্ষকের কার্যালয়ে একটি পোস্টার লাগাতেও দেখা যায় ওই ব্যক্তিদের।

জানতে চাইলে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন দপ্তরে তালা লাগানোর ভিডিও আমাদের নজরে এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’