সন্ধ্যার পর দূরপাল্লার গাড়িতে যাত্রীর চাপ, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জের বাস কাউন্টারগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করেও টিকিট পাচ্ছেন না যাত্রীরা। বৃহস্পতিবার রাত নয়টার দিকে ঢাকা–চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে
ছবি: প্রথম আলো

ঢাকা–চট্টগ্রাম ও ঢাকা–সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে। এ সুযোগে দূরপাল্লার গাড়িগুলোতে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় ঘুরে যাত্রীভোগান্তি দেখা গেছে। এ সময়ের মধ্যে দূরত্ব ও পরিবহনভেদে ১০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বেশি ভাড়া নিতে দেখা যায়। যাত্রীরা জানিয়েছেন, কাউন্টারে বসে থেকেও কাঙ্ক্ষিত বাস পাচ্ছেন না তাঁরা। কেউ কেউ বাড়তি ভাড়ায় বাস কাউন্টার থেকে ছাড়া প্রাইভেট কারে করে গন্তব্যে রওনা হয়েছেন। যাত্রীরা বলছেন, শেষ সময়ে বাড়ি ফিরতে গিয়ে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে।

সোনারগাঁয়ের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কাজ করেন হবিগঞ্জের নবীগঞ্জের মো. কিবরিয়া ও তারেক আদনান। রাত ৯টায় শিমরাইল মোড়ের একটি চট্টগ্রামগামী বাস কাউন্টারের সামনে তাঁদের সঙ্গে কথা হয়। কিবরিয়া ও তারেক জানান, তাঁরা একই এলাকার আট বন্ধু একসঙ্গে কাজ করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ছুটি পাওয়ার পর সবাই মিলে বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। সন্ধ্যা সাতটায় তারা শিমরাইলে এসেছেন, কিন্তু রাত নয়টা বেজে গেলেও হবিগঞ্জগামী কোনো বাসের টিকিট পাননি।

টিকিট খোঁজাখুঁজির সময় চট্টগ্রামগামী একটি বাসের কাউন্টার থেকে তাঁদের বলা হয় জনপ্রতি ১ হাজার টাকা ভাড়ায় কাউন্টার থেকে প্রাইভেট কার ছেড়ে যাচ্ছে। ১০ মিনিটের মধ্যেই গাড়ি চলে আসবে। সেই ভরসায় টিকিট কেটেছেন। কিন্তু আধা ঘণ্টা অপেক্ষা করেও প্রাইভেট কারের দেখা পাননি।

কিবরিয়া প্রথম আলোকে বলেন, ‘এবার সড়কে যানজট নেই শুনলাম। ভেবেছিলাম শেষ সময়েও স্বাচ্ছন্দ্যেই বাড়ি ফিরতে পারব, কিন্তু তা হলো না। স্বাভাবিক সময়ে যেখানে ৬০০ থেকে ৬৫০ টাকায় যাওয়া যায়, সেখানে ১০০০ হাজার টাকা দিয়েও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।’

বাড়তি ভাড়া ও টিকিট না থাকার কারণ জানতে চাইলে ওই কাউন্টারের দায়িত্বে থাকা আফজাল হোসেন জানান, মহাসড়কে যানজট না থাকলেও ঢাকা ছেড়ে যাওয়া গাড়িগুলোকে সায়েদাবাদের গোলাপবাগ মোড় বা রাজধানী সুপার মার্কেট এলাকা ঘুরে আসতে হচ্ছে। ওই মোড়গুলোতে যানজট আছে। সেখান থেকে ঠিক সময়ে গাড়ি না আসায় নারায়ণগঞ্জের কাউন্টারগুলোতে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। গাড়ি কম আসায় টিকিট সংকট তৈরি হয়েছে।

চট্টগ্রামগামী বাস কাউন্টার থেকে বাড়তি ভাড়ায় সিলেটগামী প্রাইভেট কার ছেড়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে আফজাল হোসেন বলেন, ‘গাড়ি আসছে না। লোকজন অপেক্ষা করতে করতে হয়রান। নিজের পরিচিত প্রাইভেট কার আছে। এ সুযোগে একটু ব্যবসা করে নিচ্ছি।’

রাত ১০টায় সিলেট–সুনামগঞ্জ সড়কে চলাচলকারী লিমন পরিবহনের একজন টিকিট বিক্রেতাকে যাত্রীর জন্য হাঁকডাক দিতে দেখা যায়। মো. রনি নামের ওই টিকিট বিক্রেতা জানান, ঈদ ছাড়া তাঁরা ৬০০ টাকা করে ভাড়া নেন। ঈদ উপলক্ষে ১০০০ টাকা করে নিচ্ছেন। টিকিটপ্রতি ৪০০ টাকা বেশি নেওয়ার কারণ জানতে চাইলে বলেন, ‘সবাই নিতাছে। আমরা কী করমু?’

এর মধ্যে মারছা ট্রান্সপোর্ট লিমিটেড নামের কক্সবাজারগামী একটি বাস কাউন্টারে ব্যতিক্রম চিত্র দেখা গেছে। তাঁরা চট্টগ্রামে জনপ্রতি ৬৮০ করে ভাড়া নিয়েছেন। এই বাসের যাত্রী মো. ইমন জানালেন, অন্যান্য সময়েও তাঁরা ৬৮০ টাকা করেই যাতায়াত করেন। পরিবহনটি ঈদে ভাড়া বাড়ায়নি। তবে সন্ধ্যা পৌনে আটটার বাস রাত নয়টায়ও কাউন্টারে না আসায় হতাশ তিনি।

বাড়তি ভাড়া ও দেরি করে বাস আসার বিষয়ে জানতে চাইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দায়িত্বে থাকা কাঁচপুর হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. শরফুদ্দিন বলেন, ‘বাড়তি ভাড়া নেওয়ার বিষয়ে কোনো অভিযোগ পাইনি। বিষয়টি আমাদের তদারকির মধ্যে আছে। এর মধ্যে কেউ কেউ বাড়তি ভাড়া নিয়ে থাকলে আমরা খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’

দেরি করে গাড়ি আসার বিষয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, রাজধানী সুপার মার্কেট ও সায়েদাবাদের গোলাপবাগ মোড়ে গাড়িগুলোকে ইউটার্ন নিতে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হচ্ছে। এতে নারায়ণগঞ্জে যাত্রীদের দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে।