
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আহমেদ জালাল শাহপরান উপশহর আবাসিক এলাকার বাসিন্দা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য গাড়ি বের করতে গ্যারেজের শাটার খুলতে যান। তবে শাটারটি ওপরে উঠছিল না। একপর্যায়ে শাটারের বক্সটি খুলে দেখেন, সেখানে একটি অজগর ঝুলে রয়েছে।
পরে আহমেদ জালাল জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন দেন। খবর পেয়ে ‘স্নেক রেসকিউ’ নামের একটি সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে নিয়ে যান।
আহমেদ জালাল বলেন, প্রথমে তিনি সাপটি দেখে ভড়কে গিয়েছিলেন। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের ডাক দেন তিনি। সাপটিকে কাঠ দিয়ে শাটার থেকে নামিয়ে আনার চেষ্টা করেন। একপর্যায়ে সাপটি নেমে গ্যারেজের ভেতরে ঢুকে যায়। এরপর তিনি ৯৯৯ নম্বরে ফোন দেন। এ সময় জাতীয় জরুরি সেবা থেকে ‘ওয়াইল্ড লাইফ’ নামের সংগঠনের এক কর্মকর্তার নম্বর দেওয়া হয়। কিন্তু সে নম্বরে ফোন দিয়ে সাড়া মিলছিল না। পরে স্নেক রেসকিউ নামের একটি সংগঠনের কর্মীকে ফোন দেন তিনি। খবর পেয়ে তাঁদের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে নিয়ে যান।
আহমেদ জালাল বলেন, ‘সাপটি বেশ লম্বা ও বড় ছিল। প্রায় ১০ ফুট লম্বা। সাপটি দেখে প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। হয়তো খাবারের সন্ধানে সেখানে চলে এসেছিল।’
স্নেক রেসকিউ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্ধারকর্মী শ্রীবাস নাথ বলেন, অজগরটি ‘বারমিজ পাইথন’ জাতের। উদ্ধারের পর বন বিভাগকে জানানো হয়েছে। অজগরটি শাটারে আটকে গিয়ে কিছুটা আঘাত পেয়েছে। সাপটিকে প্রাথমিক সেবা দিয়ে বন বিভাগের টিলাগড় ইকোপার্কের বনকর্মীদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিলেট বিন বিভাগের টিলাগড় বিটের অ্যানিমেল কিপার মো. মাসুদ হাওলাদার বলেন, অজগরটি তাঁদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। সাপটি লেজের দিকে কিছুটা আঘাত পেয়েছে। সে ক্ষতের চিকিৎসা করে আগামীকাল শুক্রবার এটা ইকোপার্কে ছেড়ে দেওয়া হবে।