রাজবাড়ীতে ছেলের হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়ে কাঁদলেন ছাত্রলীগ নেতার বাবা

বরাট ইউনিয়নবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়েছে। আজ শুক্রবার সকালে সদর উপজেলার উড়াকান্দা বাজারে
ছবি: প্রথম আলো

রাজবাড়ী সদর উপজেলায় ছাত্রলীগ নেতা শেখ সুমন সবুজকে (৩২) গুলি করে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা বাজারে বরাট ইউনিয়নবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির শুরুতে উড়াকান্দা ফুটবল মাঠের সামনের রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নিহত সুমনের চাচা ফরিদ উদ্দিন শেখ। মানববন্ধনে বক্তব্য দেন নিহত শেখ সুমনের বাবা শামসুল আলম শেখ, বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শামসুদ্দিন, সাবেক চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আসজাদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরশাদ উদ্দিন সরদার, জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবু বক্কার খান, ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুজ্জামান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি দিনেশ চন্দ্র প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

নিহত শেখ সুমনের বাবা শামসুল আলম শেখ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের কাছে আমার অনুরোধ, আমার ছেলে চলে গেছে, কিন্তু আর যেন কোনো মায়ের কোল এভাবে খালি না নয়। আমার ছেলের হত্যাকারীদের যেন সাজা দেওয়া হয়, হত্যাকারী সবাইকেই যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।’ এ সময় বক্তব্য দিতে দিতে কান্নায় ভেঙে পড়েন শামসুল আলম শেখ।

মানববন্ধনে বক্তারা বলেন, শেখ সুমন এলাকা মাদকমুক্ত করার জন্য কাজ করতেন। এলাকায় কেউ যেন চাঁদাবাজি করতে না পারেন, সে জন্য সবাইকে সংগঠিত করতেন। ইভটিজিং বন্ধ করার জন্য কাজ করতেন, কেউ অন্যায় করলে তাকে শাসন করতেন। এলাকায় ছাত্রলীগ ও আওয়ামী লীগকে সংগঠিত করার জন্যও তিনি উদ্যোগ নিয়েছেন। কিন্তু শেখ সুমনের বাড়িতে ঢুকে নির্মমভাবে তাঁকে হত্যা করা হলো। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।

জানতে চাইলে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, শেখ সুমন হত্যা মামলায় পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাঁদের আদালতে পাঠানো হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তাঁরা।

এর আগে গত রোববার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে হামলার শিকার হন শেখ সুমন। ওই দিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেখ সুমনের মৃত্যু হয়। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সজীব শেখ নামের আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন। নিহত শেখ সুমন বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ছয় মাস আগে তিনি বিয়ে করেন। পদ্মা নদীর পাড়ে উড়াকান্দায় বালুর চাতালের ব্যবসা ও গল্পগৃহ রিসোর্টে বিভিন্ন রাইডের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তিনি।

হত্যাকাণ্ডের ঘটনায় সুমনের বাবা শামসুল আলম শেখ বাদী হয়ে গত মঙ্গলবার বিকেলে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সদর থানায় একটি মামলা করেন। পুলিশ ওই মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার গোলাম মোস্তফা ও আজিজুল ইসলাম ওরফে যুবরাজ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আসামিরা বর্তমানে কারাগারে আছেন।