রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে নগর ভবনে প্রস্তুতি সভা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে সামনে রেখে নগর ভবনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায়
ছবি: প্রথম আলো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষা ২৯ মে থেকে শুরু। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য রাজশাহী সিটি করপোরেশনের আয়োজনে প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বিকেলে নগর ভবনে মেয়রের দপ্তরে এ সভা হয়। সভায় সিটি করপোরেশনের মেয়র, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, মেস মালিক সমিতি, পরিবহন মালিকসহ নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

সভায় মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে রাজশাহীতে ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থী, অভিভাবকসহ তিন থেকে চার লাখ মানুষের আগমন ঘটবে। বিপুলসংখ্যক মানুষের আগমনে তাঁদের আবাসন, যাতায়াত, খাদ্য, যানবাহন ইত্যাদি নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে আন্তরিকভাবে কাজ করতে হবে। অতীতেও তাঁরা সফলভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করেছেন। এবারও সবার সহযোগিতায় সেটা হবে। ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থী ও অভিভাবকদের আবাসন, যাতায়াত, খাদ্য ইত্যাদি বাবদ কেউ যেন অতিরিক্ত অর্থ আদায় না করেন, সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য সুপেয় পানি সরবরাহসহ সিটি করপোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষায় যেকোনো ধরনের জালিয়াতি রোধে তাঁরা সতর্ক অবস্থানে আছেন। সবার সহযোগিতায় অতীতের মতো এবারও সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ, রাজশাহী মহানগরের পুলিশ কমিশনার আনিসুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম, সহ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবির, রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম, জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক (টিটু), রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী, রাজশাহী মহানগরের মেস মালিক সমিতির সভাপতি মো. এনায়েতুর রহমান, সাধারণ সম্পাদক এ এস এম ওমর শরীফ (রাজিব), রাজশাহী মহানগরের ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুজ্জামান, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, মহানগরের ইজিবাইক মালিক সমিতির সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রিমন, জাতীয় রিকশা ভ্যান শ্রমিক লীগ রাজশাহী মহানগরের সভাপতি মো. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আমিরুল হোসেন শান্ত প্রমুখ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার ভর্তি পরীক্ষায় ৩ হাজার ৯৩০টি আসনের বিপরীতে ১ লাখ ৭৮ হাজার ৫৭৪ পরীক্ষার্থী অংশ নেবেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৫০, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৪ এবং ‘সি’ ইউনিটে ৭৫ হাজার ৮৫০ পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।

২৯ মে ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ৩০ মে ‘এ’ ইউনিট (মানবিক) এবং ৩১ মে ‘বি’(ব্যবসায় শিক্ষা) ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে দুপুর ১২টা, বেলা ১টা থেকে ২টা এবং বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চার পালায় অনুষ্ঠিত হবে।