
ফরিদপুরে দলীয় নির্দেশ উপেক্ষা করে সমাবেশ শুরু করেছে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান-সমর্থিত অংশ। আজ রোববার বিকেল চারটা থেকে পূর্বঘোষণা অনুযায়ী শহরের ব্রাহ্মসমাজ সড়কে এই সমাবেশ শুরু হয়েছে।
এর আগে বিবদমান পৌর আওয়ামী লীগের দুটি পক্ষের উদ্যোগে আজ বিকেলে একই সময়ে কাছাকাছি ছয়টি সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। তবে জেলা আওয়ামী লীগের নির্দেশ দেওয়ার পর অন্য পাঁচটি সমাবেশ স্থগিত করা হয়েছে।
জেলা আওয়ামী লীগ, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কক্ষে জেলার বিবদমান পৌর আওয়ামী লীগের দুটি পক্ষকে নিয়ে বৈঠক করেন জেলা প্রশাসক মো. কামরুল আসহান তালুকদার।
ওই বৈঠকে অংশ নেওয়া আওয়ামী লীগের নেতারা জানান, জেলা প্রশাসক তাঁদের বলেছেন, ফরিদপুরের বিষয়টি কেন্দ্রীয় আওয়ামী লীগ অবগত আছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জেলা প্রশাসককে বলেছেন, আজ ফরিদপুরে যেই ছয়টি সমাবেশের ডাক দেওয়া হয়েছে, সেগুলোর কোনোটিই যেন অনুষ্ঠিত না হয়। পরে উপযুক্ত সময় দেখে এসব কর্মসূচি পালন করতে হবে। এই বৈঠকের পরই পাঁচটি সমাবেশ স্থগিত করা হয়।
পৌর আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সহিদউদ্দিন আহমেদ বেলা পৌনে দুইটার দিকে প্রথম আলোকে বলেন, ‘দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশ মেনে আমরা আমাদের সভাগুলো স্থগিত করেছি।’
তবে মনিরুল হাসান-সমর্থিত অংশের নেতা-কর্মীরা এই সিদ্ধান্ত মেনে নেননি। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও মনিরুলের সমর্থক বিপুল ঘোষ বেলা সোয়া দুইটার দিকে প্রথম আলোকে বলেন, সভা বন্ধ করা নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি জেলা প্রশাসককে বলেছেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জেলা প্রশাসককে যে নির্দেশনা দিয়েছেন বলে জানানো হয়েছে, সেই বিষয়ে তিনি (বিপুল) অবগত নন। তিনি (বিপুল) সরাসরি ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলে তাঁদের করণীয় নির্ধারণ করবেন।
ওবায়দুল কাদেরের সঙ্গে যোগাযোগের জন্য তাঁর মুঠোফোনে বিপুল কুমার একাধিকবার কল করেছেন বলে দাবি করেন। তবে ওবায়দুল কাদেরের সঙ্গে বিপুল কথা বলতে পারেননি। ওবায়দুল কাদেরের পক্ষ থেকে সরাসরি নির্দেশনা না পাওয়া পর্যন্ত সমাবেশের কার্যক্রম চলবে বলে জানিয়েছেন বিপুল।
এদিকে বিকেল চারটা থেকে শহরের ব্রাহ্মসমাজ সড়কে মনিরুল হাসান-সমর্থিত অংশের সমাবেশ শুরু হয়েছে। এর আগে শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে, নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দিয়েছেন। ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশটি হওয়ার কথা ছিল। তবে সমাবেশের মঞ্চের ব্যানারে তা পরিবর্তন করে বলা হয়েছে, আওয়ামী লীগ ও এর সব সহযোগী সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুবল চন্দ্র সাহা সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বিপুল ঘোষ, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ কে আজাদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক হোসেন, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র শেখ মাহাতাব আলীর বক্তব্য দেওয়ার কথা আছে।
সমাবেশ সামনে রেখে শহরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সমাবেশস্থলের আশপাশের এলাকাসহ শহরের বিভিন্ন মোড় পুলিশের উপস্থিতি দেখা গেছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, জেলা প্রশাসকের সঙ্গে সভা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সিদ্ধান্ত জানার পর কোনো পক্ষেরই কোনো কর্মসূচি পালন করার কথা নয়। তবে শহরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সার্বিক নিরাপত্তার ব্যাপারে সজাগ রয়েছে।
প্রসঙ্গত, ফরিদপুরে বিবদমান পৌর আওয়ামী লীগের দুটি পক্ষের উদ্যোগে আজ বিকেলে একই সময়ে কাছাকাছি দূরত্বে ছয়টি সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। তবে সব কটি সমাবেশ বন্ধের নির্দেশ দিয়েছে জেলা আওয়ামী লীগ। গতকাল শনিবার রাত ১১টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। দেশব্যাপী বিএনপির নৈরাজ্য, সন্ত্রাস ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে গতকাল শনিবার সন্ধ্যায় আকস্মিকভাবে পাঁচটি সমাবেশের ঘোষণা দেওয়া হয়। তবে এর আগে ২৩ মে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান-সমর্থিত অংশ শহরের ব্রাহ্মসমাজ সড়কে আজ বিকেলে সমাবেশের ডাক দেয়।
জেলা আওয়ামী লীগের চারজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা আওয়ামী লীগ বর্তমানে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এর মধ্যে এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। তাঁর সঙ্গে আছেন সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক ও যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস। অপর অংশের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিপুল ঘোষ।