চট্টগ্রামের লোহাগাড়ায় শ্বশুরবাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা গ্রামের ব্রাহ্মণপাড়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম সামশুল আলম। তিনি চট্টগ্রাম নগরের আগ্রাবাদের ডেবার পাড় এলাকার বাসিন্দা সিরাজুল হকের ছেলে। তিন দিন আগে তিনি শ্বশুরবাড়িতে বেড়ানোর উদ্দেশে লোহাগাড়ায় আসেন।
চুনতি ইউনিয়ন পরিষদের সদস্য জানে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সামশুল আলমের স্ত্রী জান্নাত আরা চট্টগ্রাম নগরে একটি পোশাক কারখানায় কাজ করতেন। সেখানে পরিচয়ের সূত্রে সামশুল আলমের সঙ্গে জান্নাত আরার বিয়ে হয়। দুজনের একটি সন্তান আছে। চাকরি ছেড়ে কয়েক বছর ধরে জান্নাত আরা গ্রামে বসবাস করছেন।
জানে আলম বলেন, ‘গতকাল বিকেলে জান্নাত আরা বনের কাঠ কুড়াতে ঘর থেকে বের হয়েছিলেন। এ সময় সামশুল আলম শ্বশুরবাড়িতে একাই ছিলেন। সন্ধ্যায় ঘরে ফিরে জান্নাত আরা দেখেন শয়নকক্ষের আড়ার সঙ্গে সামশুলের লাশ ঝুলছে। তাঁর গলায় ওড়না প্যাঁচানো ছিল।’
লোহাগাড়া থানার উপপরিদর্শক জিয়াউল হূদা প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে সামশুল আলম আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।