নিহত পর্যটক মোহাম্মদ রিফাত হোসেন
নিহত পর্যটক মোহাম্মদ রিফাত হোসেন

১৬ ঘণ্টা পর উদ্ধার হলো নিষেধ না মেনে সাগরে নামা পর্যটকের লাশ

চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্রসৈকতে ঢেউয়ে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর উদ্ধারকারী দল তাঁর লাশ উদ্ধার করে। পরে সীতাকুণ্ড থানা–পুলিশের কাছে লাশটি হস্তান্তর করা হয়।

নিহত পর্যটকের নাম মোহাম্মদ রিফাত হোসেন (১৮)। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বাসিন্দা। গতকাল বিকেল পাঁচটার দিকে তিনি স্থানীয় লোকজনের নিষেধাজ্ঞা না মেনে সাগরে নেমেছিলেন। এরপর বড় একটি ঢেউয়ের ধাক্কায় তলিয়ে তিনি নিখোঁজ হন।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, নিখোঁজ ব্যক্তির অনুসন্ধান কাজ গতকাল শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত চলে। পরে ৯টার দিকে অনুসন্ধান স্থগিত করা হয়। আজ সকাল থেকে তাঁরা আবার উদ্ধারকাজ শুরু করেন। তাঁদের সঙ্গে নৌবাহিনী ও কোস্টগার্ডের উদ্ধারকারী দলের সদস্যরাও যোগ দেন। পরে তাঁরা ঘটনাস্থলের কিছুটা দক্ষিণ পাশ থেকে রিফাতের লাশ উদ্ধার করেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, রিফাতের লাশ উদ্ধার হওয়ার বিষয়টি কোস্টগার্ড তাঁকে জানিয়েছেন। তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।

এর আগে গতকাল স্থানীয় ব্যক্তিদের নিষেধাজ্ঞা অমান্য করে কুমিল্লা জেলার দাউদকান্দি থেকে আসা পাঁচজন তরুণ গুলিয়াখালী সমুদ্রসৈকতে গোসলে নেমে পড়েন।‌ এ সময়ে বড় একটি ঢেউ এসে তাদের ওপর আছড়ে পড়ে। এতে পাঁচ তরুণ ঢেউয়ে তলিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধারে নেমে চারজনকে জীবিত উদ্ধার করেন। তবে রিফাত নিখোঁজ ছিলেন। রাত ৯টা পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও রিফাতকে উদ্ধার করতে পারেনি। পরে সাময়িকভাবে উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস।