কিশোরগঞ্জে সংঘর্ষের ঘটনায় মামলার পর বাড়িছাড়া বিএনপির নেতা-কর্মীরা

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’। বুধবার জেলা শহরের আখড়া বাজার সেতু এলাকায়
ছবি: প্রথম আলো

কিশোরগঞ্জে পদযাত্রার কর্মসূচি কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা করার পর গ্রেপ্তারের আতঙ্কে ঘরবাড়িছাড়া নেতা-কর্মীরা। বুধবার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জনকে আসামি করে মামলা করেন। তবে সন্ধ্যা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

এদিকে আওয়ামী লীগের উদ্যোগে বিকেলে শহরে দলীয় কার্যালয় থেকে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ করেছেন নেতা-কর্মীরা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ আফজলের নেতৃত্বে শোভাযাত্রায় দলের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

সরকার পতনের এক দফা দাবিতে মঙ্গলবার জেলা শহরে পদযাত্রা করে বিএনপি। শহরের রথখোলা এলাকায় পদযাত্রায় বাধা দিলে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে বিএনপির পক্ষ থেকে বিনা উসকানিতে হামলা, লাঠিপেটা ও নির্বিচারে গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ার অভিযোগ করা হয়। সংঘর্ষে বিএনপির ১০ নেতা-কর্মী গুলিবিদ্ধসহ শতাধিক আহত হন। এ ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগ পুলিশ বাদী হয়ে মামলা করে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, মামলার এজাহারে জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবু নাসের, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামানসহ ১৯ জনের নাম আছে। অন্যরা অজ্ঞাতনামা। পুলিশের ওপর হামলার অভিযোগ মামলাটি করা হয়েছে। আসামিরা গা ঢাকা দেওয়ায় সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে পুলিশের অভিযান অব্যাহত আছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুল আলম বলেন, বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রার পুলিশ বাধা দেয় এবং বিনা কারণে নেতা-কর্মীদের ওপর হামলা ও গুলি করে। পুলিশ হামলা চালিয়ে এখন উল্টো তাঁদের বিরুদ্ধে মামলা করেছে। হাসপাতালসহ নেতা-কর্মীদের বাড়িতে অভিযান চালাচ্ছে। গ্রেপ্তারের ভয়ে আহত নেতা-কর্মীসহ বিএনপির কর্মী-সমর্থকেরা এখন বাড়িছাড়া। তিনি বলেন, মামলাবাজ সরকারের সময় ফুরিয়ে এসেছে। মামলা দিয়ে বিএনপির আন্দোলন ঠেকানো যাবে না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।