রাজবাড়ীতে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার যুবকের স্বীকারোক্তি আদালতে

ছাত্রলীগ নেতা হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার গোলাম মোস্তফা। বুধবার রাজবাড়ী সদর থানায়
ছবি: সংগৃহীত

রাজবাড়ী সদর উপজেলায় শেখ সুমন সবুজ (৩২) নামের ছাত্রলীগের এক নেতাকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার গোলাম মোস্তফা ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বুধবার দুপুরে রাজবাড়ী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক চৌধুরী মো. মাহবুবুর রহমান তাঁর জবানবন্দি রেকর্ড করেন।

আদালত পুলিশের পরিদর্শক মমিনুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান শিকদার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

এসআই কামরুজ্জামান শিকদার বলেন, হত্যাকাণ্ডের সব রহস্য মোস্তফা জানেন। অস্ত্রটি সোহেল নামের এক ব্যক্তি নিপু নামের এক ব্যক্তিকে দেন। নিপু সেটি মোস্তাফার কাছে রাখেন। পরে মোস্তফার কাছ থেকে অস্ত্রটি নিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। তিনি হত্যাকাণ্ডের মাস্টারপ্ল্যানের সঙ্গে জড়িত। তিনি বলেন, বেলা একটার দিকে মোস্তফাকে আদালতে তোলা হয়। সাড়ে চারটার দিকে তাঁকে আদালত থেকে বের করা হয়। এরপর তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

গ্রেপ্তার গোলাম মোস্তফা সদর উপজেলার বরাট ইউনিয়নের দিরাজ আলী শেখের ছেলে। পেশায় তিনি একজন পল্লিচিকিৎসক। অন্যদিকে নিহত শেখ সুমন সবুজ একই ইউনিয়নের উড়াকান্দা গ্রামের বাসিন্দা শামসুল আলম শেখের ছেলে। সবুজ বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ছয় মাস আগে তিনি বিয়ে করেন। পদ্মা নদীর পাড়ে উড়াকান্দায় বালুর চাতালের ব্যবসা ও গল্পগৃহ রিসোর্টে বিভিন্ন রাইডের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তিনি।

শেখ সুমন সবুজ

গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমন মারা যান। এর আগে রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে হামলার শিকার হন সবুজ। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সজীব শেখ নামের আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় নিহত সবুজের বাবা শামসুল আলম শেখ বাদী হয়ে গতকাল মঙ্গলবার বিকেলে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সদর থানায় একটি মামলা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, গতকাল বিকেলে থানায় এজাহার দায়ের করা হয়। রাতেই অভিযান চালিয়ে গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়।

তবে গ্রেপ্তার গোলাম মোস্তফার মেজ ভাই মোজাম্মেল হক অভিযোগ করে বলেন, ‘হত্যাকাণ্ডের দিন আমার ভাই বাড়িতে ঘুমাচ্ছিলেন। দিবাগত রাত প্রায় দুইটার দিকে পুলিশ আমাদের বাড়িতে এসে ভাইকে ডেকে তোলেন। কারণ জানতে চাইলে বলেন, স্যার তাঁর সঙ্গে কিছু কথা বলবেন। একপর্যায়ে পুলিশ সদস্যরা আমার ভাইকে নিয়ে যান। এ সময় মোস্তফাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়। কিন্তু এখন শুনছি, তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’

হত্যাকাণ্ডের রাতে (রোববার) বাড়ি থেকে গোলাম মোস্তফাকে আটক করার বিষয়ে ওসি শাহাদাত হোসেন বলেন, ‘এটি অসত্য কথা। তাঁকে গতকাল (মঙ্গলবার) রাতে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।’