নোয়াখালী-৩ আসনে আগুনে পুড়েছে বিএনপি প্রার্থীর একটি নির্বাচনী কার্যালয়। আগুনে কার্যালয়টির ভেতরে থাকা চেয়ার-টেবিল পুড়ে গেছে। এ ছাড়া আগুনে কার্যালয়–সংলগ্ন একটি ভাঙারি মালামালের দোকানও আংশিক পুড়ে যায়। আজ সোমবার ভোর আনুমানিক চারটার দিকে এ ঘটনা ঘটে।
বিএনপির দাবি, পরিকল্পিতভাবে নির্বাচনী কার্যালয়ে আগুনে দেওয়া হয়েছে। স্থানীয় জামায়াত কর্মীরা আগুন দেওয়ার ঘটনায় জড়িত বলে দাবি করেন বিএনপি নেতারা। তবে জামায়াতে ইসলামীর দাবি, আগুন দেওয়ার অভিযোগ ভিত্তিহীন।
নোয়াখালী-৩ আসনে বিএনপির হয়ে প্রার্থী হয়েছেন দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে প্রার্থী করা হয়েছে মো. বোরহান উদ্দিনকে।
জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাশ দুপুরে প্রথম আলোকে বলেন, আগুনে প্রায় ১৪-১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তিনি বলেন, ‘এটা জামায়াতের কাজ। জামায়াত নেতা-কর্মীরা ধানের শীষের পক্ষে থাকা ভোটারদের ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।’
অভিযোগের বিষয়ে বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবদুজ জাহের দুপুরে প্রথম আলোকে বলেন, তিনি কেবলটি ঘটনাটি শুনেছেন। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা কখনোই এ ধরনের কাজ করে না। অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান প্রথম আলোকে বলেন, আগুন লেগেছে সেটা ঠিক। তবে কীভাবে লেগেছে, সেটি নিশ্চিত নয়। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।