একসঙ্গে তিন ছেলেসন্তানের জন্ম দিলেন গৃহবধূ

একসঙ্গে তিন পুত্রসন্তনের জন্ম দিয়েছেন গৃহবধূ বর্ষা বেগম। বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর সুইস হাসপাতালে
 ছবি: প্রথম আলো

বরিশালের গৌরনদী উপজেলায় একসঙ্গে তিনটি ছেলেসন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে এই তিন নবজাতকের জন্ম হয়।

তিন শিশু জন্ম দেওয়া প্রসূতির নাম বর্ষা বেগম (২৩)। তিনি বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের যুগীরহাট গ্রামের দিনমজুর পলাশ মোল্লার স্ত্রী।

গৌরনদীর বেসরকারি সুইস হাসপাতাল বাটাজোর শাখার ব্যবস্থাপক মো. শামীম মীর বলেন, গতকাল বিকেলে ব্যথা নিয়ে হাসপাতালে আসেন বর্ষা বেগম। সন্ধ্যায় তাঁকে হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক শিউলী সমাজপতির অধীনে ভর্তি করা হয়। গভীর রাতে অস্ত্রপচারের মাধ্যমে বর্ষা তিন ছেলের জন্ম দেন।

তিন নবজাতক ও মা সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক শিউলী সমাজপতি।

প্রসূতি বর্ষা বেগম বলেন, একসঙ্গে সুস্থভাবে তিন সন্তানের জন্ম দিয়ে তিনি খুশি।