
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার ঘটনাটি দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, যাঁরা এই কাজগুলো করেন, তাঁরা কোনোভাবে এর পক্ষে সমর্থন পাবেন না।
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।
মুক্তিযোদ্ধা মানিক পশারী একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছিলেন।
গত শনিবার মানিক পশারী মারা যান। কিন্তু তাঁকে পিরোজপুরে গার্ড অব অনার দেওয়াকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা দেখা দেয়। তাঁর দাফন নিয়েও বাধা দেওয়ার ঘটনা ঘটে।
এ বিষয়ে আজকের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, ‘আমি এটা নিয়ে বলতে চাই যে আমাদের সামনে যে তথ্য আসল, সেটা আসলে খুবই দুঃখজনক। যে রাজনৈতিক দল এটির সঙ্গে জড়িত হয়ে কাজগুলো করেছে, আমি নিশ্চিতভাবেই বলতে পারি, এটার কনসিকোয়েন্স তারা অনুভব করবে। এটা আসলে কেউ সঠিকভাবে নেয়নি। এই প্রবণতা কিন্তু আগেও হয়েছে উল্টো দিক থেকে। যখন কিছু মানুষের বিচার হলো, তারপর তাদের মরদেহের ওপর এ ধরনের আচরণ করা হয়েছিল, তখন যারা এই বিচারগুলোর পক্ষেও ছিলেন, কিন্তু মরদেহের সঙ্গে আচরণগুলো আসলে কেউ পছন্দ করেননি। সুতরাং এখানে যাঁরা এই কাজগুলো করেন, তাঁরা আসলে সমাজে আলটিমেটলি তাঁরা এখানে নিগৃহীত হবেন, সমাজে তাঁরা প্রশংসা বা কোনোভাবে এটার থেকে সমর্থন পাবেন না। আমরা এই প্রসঙ্গে এটুকু বলতে চাই।’