আজ সকাল থেকে গরম বেড়েছে, বাড়বে আরও

তাপপ্রবাহ আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর
ফাইল ছবি : প্রথম আলো

গতকাল সোমবার রাত থেকে মেঘের দল বিদায় নিতে শুরু করেছিল। আজ মঙ্গলবার ভোর থেকে আকাশ একদম পরিষ্কার। এর ফলে সকাল থেকে দেশের বেশির ভাগ এলাকায় খাঁ খাঁ রোদ পড়েছে। গতকালের তুলনায় আজ সকালে রাজধানীর তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। দেশের অন্য স্থানেও তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। এর ফলে সকাল থেকে রাজধানীবাসীর গরমের কষ্ট বেড়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় গরম বাড়বে।

আবহাওয়াবিদেরা বলছেন, আজ সকাল থেকে দেশের উত্তরাঞ্চল ছাড়া কোথাও মেঘের আনোগানা দেখা যায়নি। দিনের মধ্যে কোথাও নতুন করে মেঘের সৃষ্টি হওয়ার সম্ভাবনাও কম। অন্য কোনো জায়গা থেকে মেঘ আসার সম্ভাবনাও দেখা যাচ্ছে না। এর ফলে সারা দিন প্রখর রোদের মধ্যে কাটাতে হবে। তবে বিকেলের দিকে ঢাকার কোথাও কোথাও পাতলা মেঘ ও দমকা হাওয়া বয়ে কিছুটা গরম কমতে পারে।

এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, গতকাল মধ্যরাত থেকে দেশের বেশির ভাগ এলাকা থেকে মেঘ বিদায় নিয়েছে।

রাজধানীর তো বটেই, এর আশপাশের এলাকায়ও মেঘের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। যে কারণে আজ বেলা যত গড়াবে, গরম তত বাড়বে।

আবহাওয়া অধিদপ্তরের হিসাব বলছে, মূলত দুপুর ১২টা থেকে গরম বাড়তে থাকে। বেলা একটা থেকে তিনটা পর্যন্ত রোদের তেজ থাকে বেশি। এর ফলে ওই সময়টাতে গরম বেশি থাকে। বিকেল ৫টা থেকে তাপমাত্রা কমে, ওই সময়ে গ্রীষ্মের বাতাসও বয়ে যায়, এর ফলে গরম কমতে থাকে।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছিল তেঁতুলিয়ায় ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, গতকাল তা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা একই সময়ে পাওয়া গেছে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, গতকাল যা ছিল ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।