
কখনো রোদ, কখনো অন্ধকার নামিয়ে আনা মেঘ আর তা থেকে বৃষ্টি। একটু পর আবার রোদের মুখ। আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীতে এই চলছে। ইতিমধ্যে নিম্নচাপ শুরু হয়েছে। দেশের চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তাও আছে। ইতিমধ্যে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি চলছে। চার বন্দরে আছে ঝোড়ো হাওয়ার সতর্কতা। আবহাওয়া অফিস বলছে, রাজধানীর অবস্থা আজ সারা দিন এমনটাই থাকতে পারে। আগামীকাল বৃষ্টি একটু কমতে পারে। তবে বৃহস্পতি বা শুক্রবার বৃষ্টি আবার বাড়তে পারে।
রাজধানীর আকাশে মেঘ ছিল গতকাল থেকেই। বৃষ্টিও হয়েছিল। আজ সকাল থেকেই আকাশে মেঘ ছিল। আবার কখনো রোদ উঠেছে। বেলা সোয়া ১১টার দিকে এ প্রতিবেদন লেখার সময় আকাশে মেঘ ছিল। এরই মধ্যে দুই দফা বৃষ্টিও হয়ে গেছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর প্রথম আলোকে বলেন, নিম্নচাপের সঙ্গে মৌসুমি বায়ু সক্রিয় আছে। এর প্রভাবে এ বৃষ্টি। আজ রাজধানীতে মেঘ–বৃষ্টির পাশাপাশি রোদও দেখা দেবে একটু পরপর। এমনটা সারা দিনই চলতে পারে।
গতকাল থেকে মেঘ থাকলেও বৃষ্টি কিন্তু বেশি হয়নি ঢাকায়। গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ৬ট পর্যন্ত ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে দেশের উপকূলীয় বৃষ্টি হয়েছে অনেক বেশি। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফে, ১৮৩ মিলিমিটার। এ ছাড়া চট্টগ্রামে ১৪৯ মিলিমিটার, নোয়াখালীতে ৪৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। উপকূলীয় জেলা পটুয়াখালী ও ভোলায় যথাক্রমে ৪৭ ও ৩৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।