ঢাকায় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়
ঢাকায় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়

ছয় বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে

দেশের ছয় বিভাগের কিছু জায়গায় আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে। বিভাগগুলো হলো ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট। বৃষ্টির সময় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকাতে পারে। কোথাও কোথাও বজ্রপাত হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ বুধবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, এই ছয় বিভাগ ছাড়া দেশের অন্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রাজধানী ঢাকাসহ দেশের বেশ কিছু অঞ্চলে আজ বৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নেত্রকোনায়, ৫৪ মিলিমিটার। এ ছাড়া ময়মনসিংহে ২৩ মিলিমিটার, কিশোরগঞ্জের নিকলীতে ১৯ মিলিমিটার, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৩ মিলিমিটার ও সিলেটে ১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর বাইরে বগুড়া, রংপুর, নীলফামারীর সৈয়দপুর, পঞ্চগড়ের তেঁতুলিয়া ও পটুয়াখালীতে সামান্য বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, সারা দেশে আগামীকাল দিনের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এদিকে আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাগেরহাটের মোংলায়, ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী ও যশোরে আজ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। পাবনার ঈশ্বরদী, বান্দরবান, খুলনা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়ার কুমারখালী, পটুয়াখালীর খেপুপাড়ায় তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস বা তার সামান্য বেশি। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।