
বৃষ্টি ও ঈদের ছুটিতে রাজধানীতে যানবাহন চলাচল কম। আজ শনিবার সকালে ঢাকার বাতাসের মান মাঝারি পর্যায়ে রয়েছে।
সকাল ৯টা ২২ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৭১ নিয়ে ঢাকা বিশ্বব্যাপী দূষিত শহরের তালিকার ২২তম স্থানে ছিল।
শূন্য থেকে ৫০-এর মধ্যে একিউআই স্কোর ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। তবে ৫০ থেকে ১০০-এর মধ্যে স্কোর থাকলে তাকে ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ পর্যায় হিসেবে বিবেচনা করা হয়।
একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ১৫১ থেকে ২০০-এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।
কানাডার টরন্টো, পাকিস্তানের লাহোর ও চিলির সান্তিয়াগো যথাক্রমে ১৬০, ১৫৪ ও ১৪২ স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থানে রয়েছে।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।
দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজের ধুলা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদ্রোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার ও তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বাড়ে। এতে বিশ্বব্যাপী প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।