দেশের দক্ষিণাঞ্চলে দমকা হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে। খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে ছিল বেশি। ঢাকাতেও দুপুরের পর থেকে কোথাও কোথাও হালকা বৃষ্টি হয়েছে। আজ সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে হালকা বৃষ্টির ঝাপটা আবারও আসতে পারে। সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
এসব পূর্বাভাস দিয়ে আবহাওয়াবিদেরা বলছেন, বৃষ্টি ও দমকা হাওয়ার দাপট বেশি সময় ধরে থাকার সম্ভাবনা কম। তবে আগামীকাল থেকে বৃষ্টি বাড়তে পারে। পরশু থেকে বৃষ্টির দাপট বেড়ে যেতে পারে। যা দুই থেকে তিন দিন ধরে থেমে থেমে চলতে পারে। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আপাতত আজ ও আগামীকাল মঙ্গলবার বৃষ্টি বেশি সময় ধরে চলার সম্ভাবনা নেই। বৃষ্টির পরিমাণও খুব বেশি হবে না। আগামীকাল বৃষ্টি বাড়তে শুরু করবে। আজ দুপুর থেকে দেশের বেশির ভাগ এলাকায় মেঘ বেড়ে গিয়ে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। দেশের যে ছয়টি জেলায় দাবদাহ বয়ে যাচ্ছিল, তা বেশির ভাগ এলাকা থেকে সরে গেছে। অর্থাৎ তাপমাত্রা কমেছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, হালকা বৃষ্টিসহ দমকা হাওয়ার একটি প্রবাহ আজ বিকেল থেকে দেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। ঢাকাসহ দেশের অন্যান্য এলাকার ওপরও এর প্রভাব পড়তে পারে। ফলে ঢাকাসহ দেশের বেশির ভাগ এলাকা দিয়ে হালকা বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, গতকাল রোববারের তুলনায় আজ দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি ঝরেছে খুলনায় ৪০ মিলিমিটার। মাদারীপুরে ২৫ ও গোপালগঞ্জে ২২ মিলিমিটার। এর বাইরে দেশের অর্ধেকের বেশি জেলায় সামান্য বৃষ্টি ঝরেছে। রাজধানীতে ১ মিলিমিটারের কম বৃষ্টি হয়েছে।