বায়ুদূষণ
বায়ুদূষণ

এত বৃষ্টি, তারপরও বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা

দুই দিন ধরে রাজধানীতে বৃষ্টি। আর এই এপ্রিল শেষের এ সময় বাতাসের মান এমনিতেই ভালো থাকে। তারপরও আজ মঙ্গলবার বিশ্বের ১২৪ নগরীর মধ্যে ঢাকার অবস্থান ষষ্ঠ। আইকিউএয়ারে বায়ুর মান ১১৮। এই মান সংবেদনশীল গোষ্ঠী, অর্থাৎ বয়স্ক ব্যক্তি, শিশু ও অন্তঃসত্ত্বাদের জন্য ক্ষতিকর। বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টির পরও বাতাসের এই তুলনামূলক নিম্নমানের কারণ দূষণের স্থানীয় উৎসগুলো নিয়ন্ত্রণের ব্যর্থতা। ৮ থেকে ১০ বছর আগেও পরিস্থিতি এমন সময়ে এতটা খারাপ থাকত না। প্রায় দুই কোটি মানুষের শহরে বায়ুর মান উন্নয়নে সরকারি চেষ্টা যে নেই বা থাকলেও মোটেও কার্যকর নয়, এটা তারই প্রমাণ।

বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

আজ বিশ্বের ১২৪ নগরীর মধ্যে দূষণে শীর্ষে আছে কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসা। এ নগরীর বায়ুর মান ১৯৬। সার্বিকভাবে বৈশ্বিকভাবেই বায়ুর মান অপেক্ষাকৃত ভালো।

এর মধ্যে গত রোববার বিকেলে শুরু হওয়া বৃষ্টি এবং মেঘলা আকাশ আজ সকাল পর্যন্তও আছে। রোববার ৪২ মিলিমিটার বৃষ্টি হয় নগরীতে। আর সর্বশেষ ২৪ ঘণ্টায় বৃষ্টি হয় ১৭ মিলিমিটার। এত বৃষ্টির পরও নগরীর বায়ুর মান এ অবস্থায় কেন? প্রশ্নের জবাবে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান আহমেদ কামরুজ্জামান মজুমদার আজ প্রথম আলোকে বলেন, ঢাকার এখন যে দূষণ, সেই দূষণের উৎসগুলো একেবারেই এ দেশের। এর মধ্যে প্রধান হচ্ছে ফিটনেসবিহীন গাড়িগুলোর ধোঁয়া। এর পাশাপাশি আছে রাস্তাঘাটের ধুলো। এই যে ফিটনেসবিহীন গাড়ি, এগুলোকে কোনো সরকারই নিয়ন্ত্রণ করতে পারছে না।

ঢাকার বাতাস গত শুষ্ক মৌসুমে প্রায় প্রতিদিন অস্বাস্থ্যকর থেকে খুব অস্বাস্থ্যকর, এমনকি কোনো কোনো দিন দুর্যোগপূর্ণ থেকেছে। বায়ুর মান ৩০০–এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে গণ্য হয়। সেই তুলনায় অবশ্য আজ দূষণ কম। তবে অধ্যাপক কামরুজ্জামান মজুমদার বলেন, এ সময়ে দূষণ অনেক কম থাকে। সেই তুলনায় আজ যথেষ্ট বেশি। অন্তত বৃষ্টির সুফলও এখন তেমন করে পাওয়া যাচ্ছে না।

আজ ঢাকার বেশি দূষিত এলাকাগুলো

আজ বায়ুদূষণে শীর্ষে আছে গুলশানের বে’জ এইজ ওয়াটার। এ এলাকার বায়ুমান ১৪৯। এরপর যথাক্রমে আছে বেচারাম দেউড়ী (১৪৯), গুলশান লেক পার্ক (১২৯), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১২৭), ধানমন্ডি (১২২) ও বারিধারা পার্ক রোড (১১৯)।

সুরক্ষায় নগরবাসী যা করবেন

আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে সংবেদনশীল গোষ্ঠীর মানুষদের অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।