বায়ুদূষণ
বায়ুদূষণ

ছুটির দিনের সকালে বিশ্বে বায়ুদূষণে ষষ্ঠ ঢাকা, ৬ স্থানে দূষণ অনেক বেশি

সাপ্তাহিক ছুটির দিন আজ শুক্রবার সকালে বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা। গতকাল বৃহস্পতিবার সামান্য হলেও রাজধানীতে বৃষ্টি হয়েছে। আগের দুই দিন ভারী বৃষ্টি ছিল। আবার এই মে মাসের শেষ দিকে সাধারণত দূষণ কমে আসে। কিন্তু এ মাসে প্রতিদিন বায়ুদূষণে বিশ্বের নগরীগুলোর মধ্যে প্রথম দিকেই থাকছে ঢাকা।

আজ সকাল সাড়ে আটটার দিকে আইকিউএয়ারে ঢাকার বায়ুর মান ১২৭। বায়ুর এ মান সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। এই সংবেদনশীল জনগোষ্ঠীর মধ্যে আছে বয়স্ক ও শিশু, অন্তঃসত্ত্বা নারী, অসুস্থ ব্যক্তি। রাজধানীর ছয় স্থানের বায়ুর মান অপেক্ষাকৃত বেশি খারাপ। সেসব স্থানে অস্বাস্থ্যকর বায়ু রয়েছে।

বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে। আজ বাতাসের এ দূষণ থেকে রক্ষা পেতে আইকিউএয়ার বেশ কিছু পরামর্শ দিয়েছে।

আজ বিশ্বে বায়ুদূষণে শীর্ষে আছে চিলির সান্তিয়াগো। এ নগরীতে বায়ুর মান ১৫৮। সার্বিকভাবেই আজ বায়ুদূষণ বিশ্বে কম। সাধারণত এপ্রিল মাসের পর থেকেই বাতাসের মান ভালো হতে থাকে। এ সময় বৃষ্টি হলে দ্রুতই বাতাসের মান ভালো হয়। এপ্রিল পেরিয়ে মে মাস শেষের দিকে, কিন্তু ঢাকার বাতাসের মান ততটা উন্নত হচ্ছে না।

আজ ঢাকার বেশি দূষিত এলাকাগুলো

আজ নগরীর ছয় এলাকার বায়ুর মান অপেক্ষাকৃত বেশি খারাপ। এর মধ্যে বায়ুদূষণে শীর্ষে আছে উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ। এ এলাকার বায়ুমান ১৯২। বায়ুর মান ১৫০ হলেই তাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। ২০০ হলে তা হয় ‘খুব অস্বাস্থ্যকর’। আজ আবদুল্লাহবাগের পর দূষণের তালিকায় আছে বারিধারা পার্ক রোড (১৬২), বেচারাম দেউড়ী (১৫৭), বারিধারা লেক সাইড (১৫২), গুলশান লেক পার্ক (১৫৪) এবং গুলশানের বে’জ এইজ ওয়াটার (১৫১)।

সুরক্ষায় নগরবাসী যা করবেন

আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। এটি বেশি প্রযোজ্য সংবেদনশীল গোষ্ঠীর জন্য। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে আজ। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।