ঈদের ছুটিতে রাজধানী গত কয়েক দিন ধরে এমন ফাঁকা ছিল
ঈদের ছুটিতে রাজধানী গত কয়েক দিন ধরে এমন ফাঁকা ছিল

বৃষ্টি, ফাঁকা ঢাকা, তবু দূষণ ঢাকার বাতাসে

বৃষ্টি হলে ঢাকার বাতাসের মান ভালো হয়ে যায়। গতকাল শুক্রবার বেলা ১১টার পর থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়েছে। আর পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটাতে বিপুলসংখ্যক মানুষ এখন রাজধানীর বাইরে। তাই নেই যানবাহনের দাপট। কলকারখানাও বন্ধ। তাই ঢাকার বাতাসের বড় দুই উৎস প্রায় বন্ধ। তারপরও আজ শনিবার বিশ্বের ১২১টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান দশম।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ দুপুর সাড়ে ১২টার দিকে বায়ুদূষণে শীর্ষে আছে কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসা। এ নগরীর বায়ুমান ১৭৩। এ মানকে অস্বাস্থ্যকর বলে গণ্য করা হয়। আর ঢাকার সার্বিক বায়ুর মান আজ ১১৭। এ বায়ু সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। এই গোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক ব্যক্তি, অসুস্থ, গর্ভবতী নারী ও শিশু। ঢাকার বায়ুর মান আগের চেয়ে অপেক্ষাকৃত ভালো, অন্তত গত মাসের তুলনায়। কিন্তু বাস্তবতা হলো, বিশ্বের সব দেশেরই বায়ুর মান উন্নত হয়েছে। এ সময়ে তা–ই হয়। কিন্তু ঢাকার বায়ুর মান তেমন ভালো হয়নি, বৃষ্টি বা দূষণের উৎসগুলো বন্ধ হওয়ার পরও।

গত ফেব্রুয়ারি মাসের প্রায় পুরো সময় ঢাকা বায়ুদূষণে শীর্ষে ছিল। এ মাসের শুরুতেও এর ব্যত্যয় হয়নি।

গতকাল রাজধানীতে ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তারপরও দূষণ কমেনি।

বায়ুদূষণে ২০১৯ সালে দেশে প্রায় দেড় লাখ মানুষের মৃত্যু হয়েছে বলে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে। এতে মোট দেশজ উৎপাদনের ক্ষতি প্রায় ৮ শতাংশ বলেও জানিয়েছে সংস্থাটি।

আজ ঢাকার বায়ুদূষণে শীর্ষে আছে বেচারাম দেউড়ি। এ এলাকার বায়ুমান ১৫১।

সুরক্ষায় নগরবাসী যা করবেন

আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে সংবেদনশীল গোষ্ঠীর মানুষদের মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।