বায়ুদূষণে আজ ঢাকা তৃতীয়

বায়ু দূষণ
ফাইল ছবি

বায়ুদূষণে আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকার অবস্থান তৃতীয়। বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) আজ এ সময় ঢাকার স্কোর ১৬০। বাতাসের এ মান অস্বাস্থ্যকর। গতকাল রোববার সকাল ১০টার দিকে ঢাকার অবস্থান ছিল প্রথম; স্কোর ছিল ১৯১।

আজ বায়ুদূষণে বিশ্বের ৯৮ শহরের মধ্যে শীর্ষে আছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই। শহরটির স্কোর ১৬৬। দ্বিতীয় অবস্থানে আছে ইন্দোনেশিয়ার জাকার্তা। এ শহরের স্কোর ১৬১।

আইকিউএয়ার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান। তারা দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।

বাতাসের মান নিয়ে তৈরি করা এই সূচকে একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

বায়ুর মান সূচকে ‘ভালো’ মানের বায়ুর ক্ষেত্রে স্কোর শূন্য থেকে ৫০। স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। আর ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

ঢাকায় চলতি বছরের জানুয়ারিতে সবচেয়ে বেশিসংখ্যক দিন ঝুঁকিপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছে নগরবাসী। জানুয়ারিতে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান ঝুঁকিপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ।

নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি—বছরের এই চার মাস ঢাকার বায়ু বেশি দূষিত থাকে। এর মধ্যে জানুয়ারিতে বায়ুর মান থাকে সবচেয়ে খারাপ।