রাজধানীতে গতকাল রোববার সকালেই বৃষ্টি হয়েছিল। সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে বায়ুর মানও ছিল বেশ ভালো। এরপর আর বৃষ্টি হয়নি তেমন। আজ সোমবার সকাল থেকেই কড়া রোদ ছিল। আবার ছুটির পর ঢাকায় লোকজনও এসে গেছে। রাজধানীর সড়কে যানবাহনের ভিড় সেই আগের মতো। বায়ুদূষণও এক দিনের ব্যবধানে আবার বেড়েছে।
আজ সকাল সাড়ে নয়টায় দেখা যাচ্ছে, বায়ুদূষণে বিশ্বের ১০৬টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৯তম। বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) আজ এই সময় ঢাকার স্কোর ৭৬। বাতাসের এই মান মাঝারি বলে বিবেচনা করা হয়। গতকাল প্রায় একই সময় বায়ুদূষণে ঢাকার অবস্থান ছিল ৭৭তম। স্কোর ছিল ৩৩। বাতাসের এই মান ভালো হিসেবে গণ্য করা হয়।
আজ সকাল সাড়ে নয়টার সময় বিশ্বে বায়ুদূষণে প্রথম অবস্থানে আছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। শহরটির স্কোর ১৭০। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে কাতারের দোহা ও পাকিস্তানের করাচি। শহর দুটির স্কোর যথাক্রমে ১৬৪ ও ১৫৬।
আইকিউএয়ার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান। তারা দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।
বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।
একিউআই ইনডেক্সে ‘ভালো’ মানের বাতাসের ক্ষেত্রে স্কোর শূন্য থেকে ৫০। স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।
স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।
ঢাকায় চলতি বছরের জানুয়ারি মাসে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বাতাসের মধ্যে কাটিয়েছে নগরবাসী। জানুয়ারিতে মোট নয় দিন রাজধানীর বাতাসের মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।