শুকনা মাঠের মাঝখানে জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে পাঁচ-ছয়টা তাল-খেজুরগাছ। অল্প দূরে একটা ছোট পুকুর। বৈশাখের প্রখর রোদে পুকুরের পানি তেমন নেই। একজোড়া শঙ্খচিল তারপরও পুকুরের ওপরে ওড়াউড়ি-ঘোরাঘুরি করছে, যদি ব্যাঙ বা দু-একটা চেলা-পুঁটি পাওয়া যায়!
পুকুর থেকে কিছুটা দূরের ঘাসজমিতে গোল্লাছুট খেলছে ১০ থেকে ১২ জন ছেলেমেয়ে। একটা ছেলে লক্ষ করল, শঙ্খচিল ওপাশের মাটিতে বারবার ঝাঁপিয়ে পড়ছে। চিৎকার দিল সে। কারণটা সে টের পেয়েছে। খেলা ফেলে ওরা ছুটল। দেখতে পেল বড়সড় ফোঁটা কাছিমটিকে।
মাটিতে চিতপাত শুয়ে পা শূন্যে ছুড়ে উপুড় হওয়ার প্রাণান্তকর চেষ্টা করছে। দৃশ্যলোভী ছেলেমেয়েরা দাঁড়িয়ে মজা দেখছে। কষ্টেসৃষ্টে উপুড় হয়ে আবার চলতে শুরু করল কাছিমটি। শঙ্খচিল এসে আবার ছোঁ মেরে উল্টে দিল কাছিমটাকে। জলশূন্য পুকুর থেকে কাছিমটা উঠে এসেছিল বোধ করি জলভরা কোনো জলাশয়ের সন্ধানে। শঙ্খচিলটিও দারুণ মজার খেলা পেয়ে গেছে।
শেষ পর্যন্ত অবশ্য কাছিমটি জিতেই গেল। বুদ্ধি করে ফিরে গেল আগের পুকুরটিতে।
আগেও এ রকম ঘটনা দু-পাঁচবার দেখেছি। তখন ভেবেছিলাম, শঙ্খচিলেরা এভাবে অনেক কাছিম তুলে নিতে চায় আহার্য হিসেবে। পরে বুঝেছি, এ নিছক বিশুদ্ধ রসিকতা।
বাল্য-কৈশোরে জলাশয়ে মাছ ধরার সময় খেপজালে বা কচুরিপানার ভেতরে পাওয়া যেত প্রচুর মেটে সাপ। তার লেজ ধরে মাথার ওপরে কয়েক পাক ঘুরিয়ে শূন্যে ছুড়ে দিলে উড়ন্ত শঙ্খচিল ছুটে এসে নখরে গেঁথে নিত উড়ন্ত সাপটিকে। অনেক সময় সাপ নিয়ে দুই চিলের টানাটানি এবং বৃত্তাকারে আবর্তনের দৃশ্য অসম্ভব মনোমুগ্ধকর হতো।
দাঁড়কাকও কম রসিক নয়। চলন্ত কাছিমের পিঠে অতি সাবধানে দাঁড়িয়ে এবং উড়ে উড়ে আবার নেমে এসে মজার ‘কাছিম-ভ্রমণ’ করতে দেখেছি দাঁড়কাককে।
বাল্যবয়সে গরু-মহিষের মড়িতে নামত শকুনের দল। শকুনের ভিড়ে ঢাকা পড়ে যেত মড়ি। দাঁড়কাকেরা তখন মাংস খাওয়ার জন্য মরিয়া হয়ে শকুনের লেজ আর পাখায় মারত ঠোকর। মরিয়া কোনো কোনো কাক চড়ে বসত শকুনের পিঠে। শকুনেরা কিছু মনে করত না। দাঁড়কাকেরা তো ওদের মড়ির সন্ধানদাতা! তৃপ্তপেট শকুনদের নেমে আসা আর উড়ে যাওয়ার দৃশ্য যাঁরা দেখেছেন, শুনেছেন নামার আগে বাতাসে ডানাকাটার শব্দ, তাঁদের পক্ষে কি তা ভোলা সম্ভব!
পোষা বিড়াল বা বনবিড়ালের মতো লক্ষ্মীপ্যাঁচাও ইঁদুর নিয়ে খেলা করতে মজা পায়। শিয়াল-বেজি-বনবিড়াল-গুইসাপ বা অন্য কোনো প্রাণী যখন খোলা জায়গা পাড়ি দেয়, তখন আচমকা ঝাঁপ দিয়ে নেমে এসে ওদের ভ্যাবাচেকা খাইয়ে দিয়ে মজা পায় নীলকণ্ঠ পাখিরা। দাঁড়কাকের মতো গবাদিপশুর পিঠে চড়ে ‘গবাদিপশু-ভ্রমণ’ উপভোগ করে ফিঙে, শালিক ও গো-বকেরা।
খোলা মাঠে গাছে বসা শকুনের মাথার ওপর জঙ্গি বিমানের মতো কৌশলে বারবার ঝাঁপিয়ে নামে তালচড়ুই বা লাটোরা পাখিরা। এ তাদের এক মজার খেলা। পানকৌড়ি-ডুবুরি ও সাপপাখি ডুবোডুবির খেলায় মাতে। ডুবুরিদের ছানাপোনারা তখন মায়ের পিঠে চড়ে ঘুরে বেড়ায়।
ময়না, ছোট ফিঙে, ভীমরাজ, সিংহরাজসহ শ্যামা, হরবোলা ও অন্য কিছু পাখি অন্য পাখি ও বন্য প্রাণীদের ডাক অনেকটাই নকল করতে পারে। ওরা বিচিত্র শব্দ করে শিকারি পাখি বা বন্য প্রাণীদের ভড়কে দেয়।
আবাবিল-বাতাসিরা যেমন আকাশে উড়ে-ঘুরে গোল্লাছুট খেলে দারুণ আনন্দ পায়, তার চেয়ে বেশি মজা পায় ঝিরঝির বৃষ্টিতে ভিজে ও শিলাস্নান করে। ভুতুমপ্যাঁচারা বনবাগানের উঁচু গাছের ডালে বসে ঘাড় ও কান নেড়ে আর চোখ পাকিয়ে শিশুদের ভয় দেখায়।
লেজনাচুনে-দুধরাজ পাখিরা বনবাগানের শিয়াল-বনবিড়ালদের পিঠে আচমকা নেমে এসে হকচকিয়ে দেয়। বালুচরবাসী ছোট গাঙচিল, বালুভরত ও জলকাজলের যখন ডিম-ছানা থাকে না, তখন ওরা সাপ-বেজি-গুইসাপ-শিয়াল-খ্যাঁকশিয়ালদের ঘেরাও করে নিচু দিয়ে উড়তে থাকে, ঠোকর মেরে মজা করে।
কেননা, এসব পাখির ডিম-ছানা তুলে নিতে চায় এই প্রাণীগুলো। খোশমেজাজে থাকলে গাছের মাথায় বসে মানিকজোড়-মদনটাক ও শামুকভাঙারা ঠোঁট আকাশমুখী করে খটখট শব্দে ঠোঁটে ঠোঁটে তালি বাজায়।
শরীফ খান পাখি ও বন্য প্রাণিবিষয়ক লেখক