
সুন্দরবনঘেঁষা মানুষগুলোর জীবনযাত্রা দেখার জন্য গিয়েছিলাম সুন্দরবনের করমজল পর্যটনকেন্দ্র ও ডাংমারি বন অফিসের কাছে লাউডুব গ্রামে। ২০১৭ সালের জানুয়ারি মাস। লাউডুব সুন্দরবন–লাগোয়া চমৎকার একটি গ্রাম। এখানকার মানুষের আতিথেয়তায় মুগ্ধ আমরা সবাই।
ওদের দেওয়া গোলপাতার ফলের শাঁস ও রস খেলাম। দেখলাম বনবিবির পূজা। সে এক বিরাট আয়োজন! এর চেয়ে বড় আর কোনো উৎসব যেন লাউডুবের মানুষের নেই। পূজার মুড়ি-মুড়কি-মোয়া-বাতাসা পেটপুরে খেলাম।
পূজা শেষে আমরা কজন মণ্ডপের পাশের জমিতে একটা খেলায় মেতে উঠলাম। ওখানে পোঁতা গাছের মরা ডালে বসা বাঁকা ঠোঁটের সুইপালকযুক্ত লম্বা লেজের পাখিটির কে কত সুন্দর ছবি তুলতে পারে, তারই প্রতিযোগিতা। ডালটিকে মাঝখানে রেখে যে যার সুবিধামতো দূরত্বে¦থেকে চারদিকে ছড়িয়ে পড়লাম। বিভিন্ন দিক থেকে ছবি তোলা শুরু হলো। কেউ তার পোকা ধরা, কেউ পোকা খাওয়ার মুহূর্ত, কেউবা উড়ন্ত ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়লাম। ক্যামেরায় কিছু সমস্যা থাকায় অন্যদের মতো ততটা ভালো ছবি না তুলতে পারলেও সুইপালক পাখিটির কিছু অসাধারণ ছবি কিন্তু হয়েই গেল।
সুইপালক বা লেজে কাঠিওয়ালা এই পাখিকে নিয়ে খুলনা অঞ্চলে প্রচলিত একটি পাখি–পুরাণ এ রকম:
‘লেজেকাঠি পাখি আগের জন্মে যখন মানুষ ছিল, তখন সে সুই চুরি করেছিল। সেই সুই–ই তার বিরাট লেজ হয়ে আছে, লাঠির মতো। সে জন্য এই পাখির আরেক নাম “সুইচোরা”।’
পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও এ দেশের রংপুরে ওরা সুইচোনা নামে পরিচিত। সুইচোরা মেরোপিডি গোত্রের পাখি। বিশ্বব্যাপী প্রায় ২৭ প্রজাতির সুইচোরা থাকলেও এ দেশে আছে মাত্র ৪টি, যার ৩টি আবাসিক ও ১টি গ্রীষ্মের প্রজনন পরিযায়ী।
লাউডুবে বনবিবির পূজা দেখতে গিয়ে যে পাখির ছবি তুললাম, সে হলো এ দেশের বহুল দৃশ্যমান আবাসিক পাখি সুইচোরা। সুইকাঁটা, পোকাখাওরি বা বাঁশপাতি নামেও পরিচিত। বাঁশপাতার মতোই সবুজ তার দেহের পালকের রং। ইংরেজি নাম গ্রিন বা লিটন গ্রিন বি-ইটার। বৈজ্ঞানিক নাম Merops Orientalis। সাব-সাহারান আফ্রিকা, ইসরায়েল থেকে মধ্যপ্রাচ্য হয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া পর্যন্ত ওরা বিস্তৃত। পুরো দেশেই পাখিটির দেখা মেলে।
বাঁশপাতির পরে যার কথা বলব, সে হলো খয়েরিমাথা বা পাটকিলেমাথা সুইচোরা। এ দেশের সচরাচর দৃশ্যমান আবাসিক পাখিটি পশ্চিমবঙ্গে লালশির বাঁশপাতি নামে পরিচিত। ইংরেজি নাম চেস্টনাট-হেডেড বা বে-হেডেড বি-ইটার। বৈজ্ঞানিক নাম Merops Leschenaulti। বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ওর বিস্তৃতি রয়েছে। পাখিটির কিন্তু অন্য সুইচোরাদের মতো লেজে সুইপালক নেই।
এ দেশের তিন প্রজাতির আবাসিক সুইচোরার মধ্যে পাহাড়ি সুইচোরা সবচেয়ে দুর্লভ। এগুলো নীলবুক সুইচোরা, বড় সুইচোরা বা নীলদাড়ি সুইচোরা নামেও পরিচিত। পশ্চিমবঙ্গে বলে বুকচেরা। ইংরেজি নাম ব্লু-বিয়ারডেড বি-ইটার। বৈজ্ঞানিক নাম Nyctyornis Athertoni। বাংলাদেশ ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আবাসিক পাখি এটি। এ দেশের সুইচোরাদের মধ্যে বৃহত্তম এই পাহাড়ি সুইচোরা।
দেশের একমাত্র গ্রীষ্মের প্রজনন পরিযায়ী সুইচোরাটির নাম নীললেজ সুইচোরা বা নীলপুচ্ছ বাঁশপাতি। পশ্চিমবঙ্গে বলে বড় সুইচোরা। ইংরেজি নাম ব্লু-টেইল্ড বি-ইটার। বৈজ্ঞানিক নাম Merops Philippinus। ওরা গ্রীষ্মে এ দেশে পরিযায়ী হয়ে আসে বংশবৃদ্ধির জন্য। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ওর বৈশ্বিক বিস্তৃতি রয়েছে।
সচরাচর সুইচোরারা গাছের ডাল বা কোনো জায়গা থেকে শূন্যে উড়ে গিয়ে দ্রুত ছোঁ মেরে উড়ন্ত মৌমাছি, ফড়িং, গুবরে পোকা, বোলতা, প্রজাপতি, মথ ইত্যাদি ধরে এনে খায়। যেখান থেকে উড়ে গিয়ে শিকার ধরে, শিকার শেষে সেখানেই এসে বসে। সব প্রজাতিই মোটামুটি ফেব্রুয়ারি-মার্চ থেকে জুনের মধ্যে প্রজনন করে।
তবে পাহাড়ি সুইচোরা আগস্ট পর্যন্ত করতে পারে। প্রজাতিভেদে একাকী, জোড়ায় বা ১০ থেকে ১১০ জোড়া পাখি একসঙ্গে বেলেমাটি, মাটির ঢাল বা উঁচু চূড়ায় সুড়ঙ্গের মতো গর্ত খুঁড়ে দেড় থেকে তিন মিটার লম্বা বাসা বানায়। সচরাচর ৪ থেকে ৮টি সাদা ডিম পাড়ে, যা প্রজাতিভেদে ১৬ থেকে ২৬ দিনে ফোটে। ছানারা ২০ থেকে ২৭ দিনে উড়তে শেখে এবং নীল আকাশে স্বপ্নের ডানা মেলে। আয়ুষ্কাল ছয় থেকে আট বছর।
আ ন ম আমিনুর রহমান, পাখি ও বন্য প্রাণী প্রজনন ও চিকিৎসাবিশেষজ্ঞ