বায়ুদূষণে আজ ঢাকার অবস্থান ৪৯তম

ঢাকার জন্য বায়ুদূষণ বড় একটি সমস্যা
ফাইল ছবি

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান আজ সোমবার দুপুরের দিকে ৪৯তম।

এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) আজ বেলা সাড়ে ১১টায় ঢাকার স্কোর ৫৭। এ সময় ঢাকার যে স্কোর, সে অনুযায়ী শহরের বাতাসের মান ‘মধ্যম’।

একই সময় বিশ্বের ১০০টি শহরের মধ্যে বায়ুদূষণে প্রথম অবস্থানে আছে পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর ১৬৭।

দ্বিতীয় অবস্থানে আছে চীনের রাজধানী বেইজিং, স্কোর ১৬৫। তৃতীয় ইন্দোনেশিয়ার জাকার্তা, স্কোর ১৪৯। ভারতের রাজধানী নয়াদিল্লির অবস্থান চতুর্থ, স্কোর ১৪৪। পঞ্চম চীনের উহান, স্কোর ১২৯।

আইকিউএয়ার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান। তারা দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।

বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে।

একিউআই ইনডেক্সে ‘ভালো’ মানের বায়ুর ক্ষেত্রে স্কোর—শূন্য থেকে ৫০। স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়।

১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। আর ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

ঢাকায় চলতি বছরের জানুয়ারিতে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছেন নগরবাসী। জানুয়ারিতে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।

ঢাকার জন্য বায়ুদূষণ বড় একটি সমস্যা। এ জন্য মোটাদাগে তিনটি কারণ চিহ্নিত করা হয়। এগুলো হলো—ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজের ধুলা। পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের এক যৌথ প্রতিবেদনে এই তিন কারণের কথা বলা হয়েছে।

নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি—বছরের এই চার মাস ঢাকার বায়ু বেশি দূষিত থাকে। এর মধ্যে জানুয়ারিতে বায়ুর মান থাকে সবচেয়ে বেশি খারাপ।