হজম টিলার রূপের পসরা

মন-ভরানো আঁকাবাঁকা মেঠোপথ ধরে পৌঁছাতে হয় হজম টিলায়। মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে বিদ্যাবিল চা-বাগান এলাকায়
ছবি: প্রথম আলো

চারপাশে উঁচু-নিচু ঢেউখেলানো চা-বাগানের নরম সবুজ। তার মাঝখানেই বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে খাড়া উঁচু এক টিলা। হেঁটে ওঠা ছাড়া গত্যন্তর নেই। তবে তাতে দম লাগে। হাঁপিয়ে ওঠেন অনেকেই। কিন্তু একবার চূড়ায় উঠে যেতে পারলেই শান্তি। এবার বুকভরে নিন নির্মল হাওয়া। শরীরের ক্লান্তি নিমেষেই দূর, মন চাঙা। চারপাশে শুধু সুন্দরের প্রদর্শনী। মাথার ওপর নিরবচ্ছিন্ন নীল আকাশ। দিগন্ত অবধি গাছপালার আর চায়ের সবুজ।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে বিদ্যাবিল চা-বাগান। আরেকটু দক্ষিণে গেলেই বাংলাদেশ-ভারত সীমান্ত। এই সীমান্তঘেঁষা চা–বাগানেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে টিলাটি। ক্লান্তি ভোলানো আর মন ভরানো আঁকাবাঁকা মেঠোপথ ধরে পৌঁছাতে হয় সেখানে। নাম হজম টিলা।

টিলার এই অদ্ভুত নাম দিয়েছেন স্থানীয় লোকজনই। বিদ্যাবিল চা-বাগানের বাসিন্দা মিমু আরেং ব্যাখ্যা করার চেষ্টা করলেন এই টিলার নাম। টিলাটি যথেষ্ট উঁচু। পেট পুরে খেয়ে নিচ থেকে ওপরে উঠতে উঠতে নাকি পেটের ভাত হজম হয়ে যায়। আবার খিদে পেয়ে যায়। সে কারণেই এর এমন নাম।

টিলার চারপাশে নজরকাড়া সবুজ চা-বাগান। উঁচু উঁচু ঝাঁকড়া গাছ টিলাটিকে প্রহরীর মতো ঘিরে রেখেছে। তবে টিলার চূড়ায় কোনো গাছ নেই। টিলার গড়ন ডিমের মতো প্রায় বর্তুলাকার। এ জন্যই কি না কে জানে, অনেকে একে জিরো টিলা বলেও ডেকে থাকেন।

টিলার ওপরে ঝিরঝিরে বাতাসের সঙ্গে ভেসে আসছিল চেনা-অচেনা পাখির ডাক। দক্ষিণ দিকটায় ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়া। সূর্যাস্তের পর ধীরে ধীরে জ্বলে উঠল সীমান্তের কাঁটাতার-সংলগ্ন বাতিগুলো। সন্ধ্যার আলো-আঁধারিতে সেই ঝিকমিকে আলো টিলার সৌন্দর্য বাড়িয়ে দিল আরও।

ভুবন সিংহ নামের একজন ঘুরতে এসেছিলেন হজম টিলায়। টিলার সৌন্দর্য তাঁর মন ভরিয়ে উপচে দিয়েছে। এই সৌন্দর্য মন ভরে নেওয়ার জন্য টিলায় ওঠার শ্রম বা ক্লান্তি কিছুই নয়। তিনি বললেন, জায়গাটা বড় চমৎকার, বড় নিরিবিলি। চারদিকের অপরিমেয় সৌন্দর্যের মধ্যে উঁচু এই টিলায় বসে থাকতেই তাঁর অনেক ভালো লাগছে। সবুজ প্রকৃতি যেন মুছে দিচ্ছে মনের সব অবসাদ। ভুবন সিংহের জানাই ছিল না শ্রীমঙ্গলে এ রকম একটি জায়গা আছে।

হজম টিলায় এখন বেড়াতে আসছেন ভুবন সিংহের মতো প্রচুর দর্শনার্থী।

হজম টিলার যথাযথ উচ্চতা কত, এখনো মাপজোখ করা হয়নি বলে কারও তা জানা নেই। তবে ধারণা করা হয়, শ্রীমঙ্গলের সবচেয়ে উঁচু টিলাগুলোর মধ্যেই এটি পড়বে।

শ্রীমঙ্গল উপজেলা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমন্বয়ক তাজুল ইসলাম জানালেন, হজম টিলার চূড়ায় একসময় ছিল জঙ্গল। চা-বাগান কর্তৃপক্ষ চা-গাছ করার জন্য জায়গাটি পরিষ্কার করেন। কিন্তু পরে আর তা করে ওঠা সম্ভব হয়নি। টিলাটি এখন শ্রীমঙ্গলের অবশ্য দ্রষ্টব্যের তালিকায় ঢুকে পড়েছে। বছর কয়েক ধরে স্থানীয় দর্শনার্থীদের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা পর্যটকেরাও ক্রমে আসতে শুরু করেছেন। হজম টিলা হয়ে উঠছে শ্রীমঙ্গলের নতুন পর্যটন গন্তব্য।

হজম টিলার নিজের আকর্ষণ কম নয়। তবে এর আকর্ষণ বহুগুণে বাড়িয়ে দিয়েছে সেখানে পৌঁছানোর পথ। আসার পথ অবিশ্রান্ত চা-গাছে পাড় বসানো। হঠাৎ হঠাৎ পাহাড় এসে পথ করে তুলেছে উঁচু–নিচু আর আঁকাবাঁকা।

দুই পাশের সবুজে, পাহাড়ের চড়াই-উতরাইয়ে, মুহুর্মুহু বাঁকে যেন পথে পথে বিস্ময় ছড়ানো। বাঁক পেরোতে অকস্মাৎ কোথাও উঁচু ঘাসের ঝোপ, কোথাও বুনো গাছপালা। প্রকৃতি নিজের খেয়ালে তার অসচেতন রূপ খুলে রেখেছে গহন বনের কোণে কোণে।

হজম টিলার মন অবশ করা সৌন্দর্যের পথে সচেতন থাকারও দরকার পড়ে। টিলায় ওঠার রাস্তা প্রায় খাড়া। মোটরসাইকেল বা মোটরগাড়ি নিয়ে উঠতে গেলে বিপদের আশঙ্কাই বেশি। তাই তার মানসিক প্রস্তুতি নিয়ে যাওয়াই উত্তম। তবে হেঁটে ওঠার কষ্ট উশুল হতে সময় লাগবে না। নিচ থেকে হেঁটে যত ওপরে উঠে যাওয়া যাবে, চোখের সামনে ততই বড় হতে থাকবে মুক্ত আকাশের দিগন্তরেখা। সবুজের মায়া হয়ে উঠবে আরও উদার। বনলতা সেন না মিলুক, দুদণ্ড স্বস্তি মিলবে আগন্তুকের।

  • শিমুল তরফদার, শ্রীমঙ্গল, মৌলভীবাজার