সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ রোববার। গতকাল শনিবারের আলোচিত খবর ছিল, ‘মুকুট পরে সিংহাসনে বসলেন রাজা তৃতীয় চার্লস’। আরও ছিল আন্তর্জাতিক, বাণিজ্য, ক্রীড়া ও বিনোদনজগতের নানা খবর। দিনের শুরুতেই চোখ বুলিয়ে নিন গতকাল প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

গণতন্ত্র মঞ্চে ভাঙন, গণ অধিকার পরিষদ বেরিয়ে গেল

গণ অধিকার পরিষদ
গণ অধিকার পরিষদ

সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে থাকা সাত দলের জোট গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে গেছে গণ অধিকার পরিষদ। দলটি গণতন্ত্র মঞ্চের সঙ্গে আর কোনো কর্মসূচি পালন করবে না। তবে বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে থাকছে গণ অধিকার পরিষদ। যুগপৎ আন্দোলনের কর্মসূচি দলটি অন্যান্য দলের সঙ্গে সমন্বয় করে কোনো জোটের বাইরে থেকে এককভাবে পালন করবে। গতকাল শনিবার গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মাসিক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক সভাপতিত্ব করেন। বিস্তারিত

মুকুট পরে সিংহাসনে বসলেন রাজা তৃতীয় চার্লস

মুকুট পরানোর পর আজ শনিবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে হাঁটেন রাজা তৃতীয় চার্লস

যুক্তরাজ্যের রাজপরিবারে গতকাল শনিবার প্রতীকীভাবে নতুন যুগের সূচনা হয়েছে। রাজা হিসেবে আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহণ করেছেন তৃতীয় চার্লস। শপথ গ্রহণের পর তাঁকে মুকুট পরিয়ে দেওয়া হয়। এরপর তিনি সিংহাসনে বসেন। পরে রানি ক্যামিলাকেও মুকুট পরিয়ে দেওয়া হয়। দিনভর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাজ্যাভিষেক হয় রাজা তৃতীয় চার্লস ও তাঁর স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলার। বিস্তারিত

জাহাঙ্গীরের মা জায়েদা খাতুন জনসমক্ষে এসে বললেন, ‘ছেলের জন্য শেষ পর্যন্ত লড়ে যাব’

মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেওয়া থেকে শুরু করে এত দিন জায়েদা খাতুনকে সামনে আসতে দেখা না গেলেও আজ দুপুরে প্রথমবারের মতো জনসমক্ষে আসেন তিনি

দুপুর সাড়ে ১২টা। গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমের বাসার ভেতরে-বাইরে মিলিয়ে তখন কয়েক শ কর্মী-সমর্থকের জটলা। তবে সবাই অপেক্ষা করছেন জাহাঙ্গীরের মা ও সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদপ্রার্থী জায়েদা খাতুনকে দেখবেন বলে। মিনিট পাঁচেক পর জাহাঙ্গীরের হাত ধরে দোতলা থেকে সিঁড়ি বেয়ে নিচে নামলেন জায়েদা। সঙ্গে সঙ্গে কেউ কেউ ছুটে গেলেন জায়েদার কাছে। কেউ আবার আবেগাপ্লুত হয়ে জায়েদার পা ছুঁয়ে সালাম করলেন। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছিলেন জাহাঙ্গীর আলম। কিন্তু দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খানকে। এরপর ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন জাহাঙ্গীর আলম। সঙ্গে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মা জায়েদা খাতুনের মনোনয়নপত্রও জমা দেন তিনি। বিস্তারিত

এমবিবিএসে ভর্তি: সলিলের ৪৪ বছরের লড়াই, ২ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

এমবিবিএসে ভর্তি: সলিলের ৪৪ বছরের লড়াই, ২ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ
চট্টগ্রাম মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ভর্তি হতে না পারা বান্দরবানের সলিল কান্তি চক্রবর্তী সর্বোচ্চ আদালতের রায় নিজের পক্ষে পেয়েছেন। গত বুধবার বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন (আপিল) খারিজ করে দিয়েছেন। প্রায় ৪৪ বছর ধরে লড়াই চালিয়ে যাওয়া সলিল চক্রবর্তীকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কলেজ অধ্যক্ষকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বিস্তারিত

সৌদি সফরের জন্য ক্ষমা চেয়ে যা বললেন মেসি

ক্ষমা চাইলেন মেসি

ফুটবল–বিশ্বে ঝড় বয়ে যাচ্ছে লিওনেল মেসির সৌদি আরব সফর নিয়ে। মেসির মতো খেলোয়াড় ক্লাবের শৃঙ্খলা ভেঙে নিষিদ্ধ হয়েছেন, এটা অনেকের কাছে ছিল অভাবনীয়। অনুমতি ছাড়া দলের অনুশীলন বাদ দিয়ে সৌদি আরব সফরে যাওয়ায় পিএসজি দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে মেসিকে। প্যারিসের ক্লাবটির সমর্থকেরা বিক্ষোভ করেছেন তাঁর বিরুদ্ধে। কেউ কেউ তাঁর এমন আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। সব মিলিয়ে এখানেই মেসি-পিএসজি সম্পর্কের শেষ দেখছেন অনেকে। এমনও শোনা যাচ্ছে, পিএসজি তাঁর সঙ্গে চুক্তি নবায়নের ইচ্ছা থেকেও সরে আসছে। ফুটবল–বিশ্বের অনেকে ধরে নিচ্ছেন, মেসির সম্ভাব্য গন্তব্য সৌদি আরবের ক্লাব আল-হিলাল। বিস্তারিত