বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে স্বাগত জানান স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির
বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে স্বাগত জানান স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করেছেন।

ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি আজ শুক্রবার বেলা ১টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একই কর্মকর্তা জানান, বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান। এ সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভুটান থেকে জার্মানি যাওয়ার পথে শেরিং তোবগে ঢাকায় যাত্রাবিরতি করেন। প্রায় পৌনে ১ ঘণ্টার যাত্রাবিরতি শেষে তাঁর জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়ার কথা।

এর আগে গত ২৬ আগস্ট ভোরে ঢাকায় যাত্রাবিরতি করেছিলেন ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক। সেদিন তাঁকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দরে অবস্থানকালে ভিভিআইপি লাউঞ্জে ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌজন্য সাক্ষাৎ করেন। তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন।