
ছিনতাই, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিট–বাণিজ্য, ভর্তি–বাণিজ্য, মাদক ব্যবসা ইত্যাদি কর্মকাণ্ডের কারণে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের কাছে ‘ঘৃণ্য সংগঠনে’ পরিণত হয়েছে বলে দাবি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রলয় নামের একটি গ্যাংয়ের সন্ত্রাসী কার্যকলাপের তথ্য সামনে আসার প্রেক্ষাপটে ছাত্রদল বলেছে, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখনো গ্যাং সংস্কৃতির জন্ম হয়নি। কিন্তু ছাত্রলীগ সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখার জন্য এই গ্যাং সংস্কৃতির জন্ম দিয়েছে।
আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে এক সমাবেশে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা এসব অভিযোগ করেন।
সমাবেশের আগে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন নির্মাণাধীন মেট্রোরেল স্টেশনের নিচ থেকে বেলা আড়াইটার দিকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতারা। মিছিলটি কার্জন হলের সামনে গিয়ে শেষ হয়।
রাজনৈতিকভাবে দেউলিয়া সংগঠন ছাত্রলীগের একটি নব্য সন্ত্রাসী সংগঠন প্রলয় গ্যাং। এটি সাধারণ শিক্ষার্থীদের নিপীড়ন সেল। ছাত্রলীগ তাদের ঐতিহ্যগত সন্ত্রাসী কর্মকাণ্ড সব শিক্ষাপ্রতিষ্ঠানে অব্যাহত রেখেছে।আরিফুল ইসলাম, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীর ওপর হামলা, ‘ছাত্রলীগের সহযোগী সংগঠন’ প্রলয় গ্যাংয়ের উদ্ভব ও সন্ত্রাসী কর্মকাণ্ড এবং দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের ‘ধারাবাহিক অপকর্মের’ প্রতিবাদে ছাত্রদল এ কর্মসূচির ডাক দেয়।
সমাবেশে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খোরশেদ আলম বলেন, এই বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ বছর ধরে পেশিশক্তির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে ছাত্রলীগ। ছাত্রদল এর তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানায়। সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত করার জোর দাবি জানাই।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, রাজনৈতিকভাবে দেউলিয়া সংগঠন ছাত্রলীগের একটি নব্য সন্ত্রাসী সংগঠন প্রলয় গ্যাং। এটি সাধারণ শিক্ষার্থীদের নিপীড়ন সেল। ছাত্রলীগ তাদের ঐতিহ্যগত সন্ত্রাসী কর্মকাণ্ড সব শিক্ষাপ্রতিষ্ঠানে অব্যাহত রেখেছে।
কর্মসূচিতে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ, আমিনুল ইসলাম, নাছিরউদ্দিন শাওন, রাজু আহমেদ, সুপ্রিয় দাস প্রমুখ অংশ নেন।