
ডেঙ্গু আক্রান্ত কলেজছাত্র সৌভিক সরকারের অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। তার বোন পঞ্চম শ্রেণির ছাত্রী শ্রাবন্তী সরকার ডেঙ্গুতে মারা যাওয়ার পর গত মঙ্গলবার রাতে সৌভিককে চট্টগ্রাম নগরের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
গত সোমবার শ্রাবন্তী ও সৌভিকের ডেঙ্গু ধরা পড়ে। এর আগে দুজনেরই জ্বর ছিল। ২৮ জুন ঈদের ছুটিতে মা-বাবার সঙ্গে ভারতের ত্রিপুরা বেড়াতে যায় শ্রাবন্তী ও তার ভাই সৌভিক। সেখানে যাওয়ার পর শ্রাবন্তীর জ্বর আসে। এরপর ৩০ জুন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসে তারা। মঙ্গলবার রাতে শ্রাবন্তী মারা যায়। এরপর ওই দিন রাত একটার দিকে সৌভিককে হাসপাতালে ভর্তি করা হয়।
সৌভিকের মাসতুতো ভাই সৌরভ ঘোষ বলেন, সৌভিকের প্লাটিলেট (অণুচক্রিকা) বুধবার ছিল ৬৭ হাজার। আজ বৃহস্পতিবার তা বেড়ে ১ লাখ ১৬ হাজারে এসেছে। সৌভিকের মা ও বাবার ডেঙ্গু নেগেটিভ এসেছে।
ম্যাক্স হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক পুষ্পল দত্ত বলেন, সৌভিক এখন আগের চেয়ে অনেক ভালো আছে। এভাবে থাকলে আগামীকাল ছাড়পত্র দেওয়া হতে পারে।
এদিকে মেয়ের মৃত্যুর পর থেকে কেঁদে বুক ভাসাচ্ছেন মা বিটু সরকার। তিনি ছেলের সঙ্গে ম্যাক্স হাসপাতালেই রয়েছেন। তাঁদের সঙ্গে ত্রিপুরায় বেড়াতে গিয়েছিলেন সৌরভ ঘোষদের পরিবারও। সৌরভের বোন সামান্তা ঘোষও চট্টগ্রাম থেকে জ্বর নিয়ে সেখানে যান। তবে তিনি এখন সুস্থ।