সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বুধবার। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর সিদ্দিকবাজারে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের ঘটনার ওপর একাধিক প্রতিবেদনে পাঠকের আগ্রহ ছিল আজও। প্রথম আলো অনলাইনে এ নিয়ে একাধিক প্রতিবেদন গেছে। সঙ্গে দেশের অন্যান্য খবর তো ছিলই। এ ছাড়া আন্তর্জাতিক, বাণিজ্য, বিনোদন ও ক্রীড়ার একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

সিদ্দিকবাজারে বিস্ফোরণে সম্ভাব্য পাঁচ কারণের কথা বলছে বোমা নিষ্ক্রিয়করণ দল

সিদ্দিকবাজারের কুইন স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনের বিস্ফোরণস্থলে সিটিটিসি ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দল
 ছবি: জাহিদুল করিম

ভবনের ধ্বংসস্তূপ, আহত ও নিহত হওয়ার ধরন দেখে বোমা নিষ্ক্রিয়করণ দলটি মনে করছে, ভবনের বেজমেন্টের বদ্ধ কোনো কক্ষে গ্যাস জমে সেটি ‘গ্যাস চেম্বারে’ পরিণত হয়েছিল। সেখানে যেকোনো উপায়ে স্পার্ক (আগুনের স্ফুলিঙ্গ) হওয়ার পরই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এ ক্ষেত্রে সম্ভাব্য পাঁচটি উপায়ে গ্যাস জমতে পারে বলে মনে করছে তারা। বিস্তারিত পড়ুন...

সিদ্দিকবাজারের ধ্বংসস্তূপ থেকে আরও দুজনের লাশ উদ্ধার

রাজধানীর সিদ্দিকবাজারের একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে দুজনের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ নিয়ে এ বিস্ফোরণের ঘটনায় ২০ জন নিহত হলেন। বিস্তারিত পড়ুন...

গ্রেপ্তার এড়াতে দেয়াল টপকে প্রতিবেশীর বাড়িতে লুকিয়েছিলেন ইমরান: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ইমরান খান (বাঁয়ে), রানা সানাউল্লাহ (ডানে)

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খান গ্রেপ্তার এড়াতে তাঁর বাসভবনের দেয়াল টপকে প্রতিবেশীর বাড়িতে লুকিয়েছিলেন। সম্প্রতি ইসলামাবাদ পুলিশ লাহোরে ইমরানের বাড়িতে গিয়ে তাঁকে না পাওয়ার পর গত সোমবার সানাউল্লাহ এমন কথা বলেন। বিস্তারিত পড়ুন...

কথা বললেই এমবাপ্পে মেসির চেয়ে ভালো, ব্যস ক্লাসরুম শান্ত

আর্জেন্টিনায় মেসির তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা। স্কুলের শিক্ষক এটাই কাজে লাগিয়েছেন

স্কুলে বাচ্চাদের সামলানো সহজ নয়। শিক্ষকদের কত রকম কৌশল যে অবলম্বন করতে হয়! তবু কি সব সময় কাজ হয়? হয় না। তবে আর্জেন্টিনায় এক স্কুলের নারী শিক্ষক এমন এক পথ দেখিয়েছেন, যা দেশটির অন্য স্কুলগুলোও অনুসরণ করতে পারে। আরও পড়ুন...

প্রেমিকা শ্রদ্ধাকে ৩৫ টুকরা করা আফতাব মাংস সংরক্ষণের পদ্ধতি জানতেন

গত বছরের মে মাসে শ্রদ্ধা ওয়াকার হত্যার শিকার হন। এ ঘটনায় তাঁর লিভ ইন সঙ্গী আফতাব পুনাওয়ালাকে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

দিল্লিতে ‘লিভ ইনে’ (বিবাহবহির্ভূত সম্পর্ক) থাকা আলোচিত তরুণী শ্রদ্ধা ওয়াকার হত্যার ঘটনায় অভিযুক্ত প্রেমিক আফতাব পুনাওয়ালা একজন প্রশিক্ষিত শেফ ছিলেন। দিল্লির একটি আদালতকে পুলিশ জানিয়েছে, প্রশিক্ষিত শেফ আফতাব মাংস সংরক্ষণ করার পদ্ধতি জানতেন। বিস্তারিত পড়ুন...