চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রতিবাদী মঙ্গল শোভাযাত্রা করবেন চারুকলার শিক্ষার্থীরা

মঙ্গল শোভাযাত্রার অনুমতি না পেয়ে ইনস্টিটিউটের দেয়ালে প্রতিবাদী স্লোগান লিখছেন চারুকলার কয়েকজন শিক্ষার্থী
ছবি: সৌরভ দাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবার চারুকলা ইনস্টিটিউটের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা হচ্ছে না। আন্দোলনের কারণে ইনস্টিটিউট বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি চেয়ে পাননি শিক্ষার্থীরা। প্রতিবাদে ইনস্টিটিউটের বাইরে থেকেই প্রতিবাদী মঙ্গল শোভাযাত্রা করার ঘোষণা দিয়েছেন তাঁরা। 

গত বছরের ২ নভেম্বর শ্রেণিকক্ষের পলেস্তারা খসে পড়ার পর ২২ দাবিতে ক্লাস বর্জন করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়ায় একপর্যায়ে তাঁরা মূল ক্যাম্পাসে ফিরে যাওয়ার দাবি জানান। এর মধ্যে শিক্ষার্থীদের একটি পক্ষ ক্লাসে ফিরে যাওয়ার দাবি জানিয়েছিলেন। 

শিক্ষার্থীদের এ অবস্থানের মধ্যে গত ২ ফেব্রুয়ারি ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। তিন ধাপে এ বন্ধ ঈদ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনায় বলা হয়েছে, বন্ধ চলাকালে শিক্ষার্থীদের কেউ ইনস্টিটিউটের ভেতরে অবস্থান করতে পারবেন না। 

অন্য বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা আলাদাভাবে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করতেন। তবে কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের কারণে অনিশ্চিত ছিল এবারের বৈশাখের আয়োজন। 

চারুকলার ইনস্টিটিউটের অবস্থান মূল ক্যাম্পাস থেকে ২২ কিলোমিটার দূরে নগরের মেহেদীবাগ এলাকার বাদশা মিঞা সড়কে। রোববার বেলা ১১টায় সরেজমিনে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী  ইনস্টিটিউটের বাইরের দেয়ালে আঁকিবুঁকি করছেন। তাঁরা ‘আমাদের বৈশাখ কই, বৈশাখ গুম হয়ে গেছে, চারুকলার সংস্কার নয় স্থানান্তর চাই’ ইত্যাদি স্লোগান লিখছিলেন। 

স্নাতকোত্তরের তিন শিক্ষার্থী মোহাম্মদ শহীদ, জহির রায়হান ও শিহাব শাহরিয়ার প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে চারুকলা ইনস্টিটিউটে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতির জন্য আবেদন জানিয়েছিলেন। কিন্তু কেউই অনুমতি দেননি। 

তাঁরা বলেন, প্রতিবাদে নিজেদের অর্থায়নেই মঙ্গল শোভাযাত্রা করার প্রস্তুতি নিচ্ছেন। ইনস্টিটিউটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মিলে টাকা জোগাড় করছেন। সোমবার থেকে পুরোদমে কাজ শুরু হবে। 

অনুমতি না দেওয়ার বিষয়ে জানতে চাইলে ইনস্টিটিউটের পরিচালক সুফিয়া বেগম প্রথম আলোকে বলেন, চারুকলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সিন্ডিকেট। মঙ্গল শোভাযাত্রার অনুমতি প্রশাসন থেকেই দেওয়া হয়নি। এখানে ইনস্টিটিউট বা তাঁর কোনো সিদ্ধান্ত ছিল না। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের গন্ডগোল থামানোর জন্য চারুকলা বন্ধ রাখা হয়েছে। এমন একটা ছোট্ট অনুষ্ঠান না করলে, সেটার জন্য বিশাল কোনো সমস্যা হবে না।’ 

আবুল মনছুর আরও বলেন, যাঁরা আন্দোলন করছেন, তাঁরা কোনোভাবে একটি পক্ষ দ্বারা প্রভাবিত। অনুষ্ঠান (শোভাযাত্রা) উপলক্ষে খুলে দিলে তাঁরা আবার সুযোগ নেওয়ার চেষ্টা করবেন। চারুকলার শিক্ষার্থীরাও আন্দোলন নিয়ে মুখোমুখি অবস্থানে ছিলেন। ঝামেলা এড়াতে বন্ধ রাখা হয়েছে।